২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে রোগী দেখতে এসে হামলার শিকার

শরীয়তপুর সদর হাসপাতালে আহত ব্যক্তিকে দেখতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তার এক আত্মীয়। তিনি হলেন- শরীয়তপুর সদর উপজেলার সারেঙ্গা গ্রামের জামালউদ্দিন আখন্দ (৫০)। হামলায় হাসপাতালের ৬ দর্শনার্থীও আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 04:56 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

শরীয়তপুর, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর সদর হাসপাতালে আহত ব্যক্তিকে দেখতে এসে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন তার এক আত্মীয়। তিনি হলেন- শরীয়তপুর সদর উপজেলার সারেঙ্গা গ্রামের জামালউদ্দিন আখন্দ (৫০)। হামলায় হাসপাতালের ৬ দর্শনার্থীও আহত হয়েছেন। এরা হলেন- সাহিদা (৪০), হনুফু (৬০), রেখা (৩৫), হনুফা বেগম (৭০) ও কাকলী বেগম (৪০)। তাদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় হামলাকারীরা জামালউদ্দিন আখন্দের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন সেট লুট করে। পরে পালং থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোশাররফ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সারেঙ্গা গ্রামের বাবুল ফকিরের স্ত্রী রেখা বেগম জানান, শনিবার স্থানীয় ৪/৫ জন সন্ত্রাসী বাবুল ফকিরকে মারধর করে আহত করে। এরপর তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রেখা বেগম বলেন, রোববার বাবুলকে দেখতে হাসপাতালে আসেন তার ফুফাতো ভাই জামালউদ্দিন আখন্দ। এ সময় সন্ত্রাসীরা হাসপাতালে তাকে মারধর করে তার কাছ থেকে ২০ হাজার টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে যায়। শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নির্মল চন্দ্র দাস বলেন, "ঘটনা যখন ঘটেছে তখন আমি হাসপাতালে ছিলাম না। দুই পক্ষেরই রোগী ভর্তি ছিল।" পালং থানার উপ-পরিদর্শক আবীর জানান, বাবুল ফকির বাদী হয়ে পালং থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৭ ঘ.