২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন দাবিতে নোয়াখালী মেডিকেলের শিক্ষার্থীদের বিক্ষোভ-স্মারকলিপি

নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার ক্লাস বর্জন ও বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 01:19 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

নোয়াখালী, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রোববার ক্লাস বর্জন ও বিক্ষোভ সমাবেশ করে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে। দাবিগুলো হল- বিভিন্ন বিষয়ে নিয়মিত শিক্ষক ও টেকনিশিয়ান নিয়োগ, স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা, হল, ডিসেকশন রুম, ব্যবহারিক রুম ও লাইব্রেরি নির্মাণ এবং ব্যবহারিক সরঞ্জামাদি ক্রয়। প্রত্যক্ষ্যদর্শী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, সকালে ব্যানার ফেস্টুন নিয়ে কলেজের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ থেকে বের হয়ে আসে। তারা মিছিল নিয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা কালেক্টরেট অফিসের সামনে এসে সমাবেশ করে। সমাবেশ শেষে সাত দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করে। সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ হোসেন, সাইকা মারুফা, কেএম ফরহাদ প্রমুখ শিক্ষার্থী বক্তব্য রাখেন। দাবি পূরণ না হলে লাগাতার ক্লাস বর্জনসহ আরও কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা জানান। নাহিদ হোসেন ও সাইকা মারুফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে কলেজের এমবিবিএস কোর্সে প্রথম ব্যাচে ৫০ জন শিক্ষার্থী নিয়ে গত ১ ফেব্র"য়ারি ক্লাশ শুরু হয় নোয়াখালী জেনারেল হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাসে। জোনারেল হাসপাতালের একটি পরিত্যক্ত কক্ষকে অধ্যক্ষের অফিস বানানো হয়েছে। শিক্ষার্থীরা থাকে হাসপাতালের চিকিৎসকদের একটি ভবনে এবং একটি ভাড়া বাসায়। তিনি বলেন, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, কিউরেটর, প্রভাষক কোনো পদেই নিয়োগ না দিয়ে হাসপাতালের চিকিৎসক, নোয়াখালী মেডিকেল অ্যাসিসেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষক এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে ক্লাস চালানো হয়। এ ব্যাপারে কলেজরে প্রধান সমন্বয়কারী ডা. সানাউল্লাহ মিয়া বলেন, কলেজটি প্রতিষ্ঠার পর থেকে অবকাঠামোগত উন্নয়ন এবং কলেজের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ না করায় প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের দাবিদাওয়া মেনে না নিলে তাদের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। ডা. সানাউল্লাহ মিয়া বলেন, "নোয়াখালী মেডিকেল কলেজ এখনও কোনো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে পারেনি। ২০১০ সালের মধ্যে অধিভুক্ত হতে না পারলে এ ব্যাচের ছাত্ররা পরীক্ষা দিতে পারবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২৬ ঘ.