২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে এক শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার নীলফামারী-দেবীগঞ্জ সড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

নীলফামারী, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নে এক শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার নীলফামারী-দেবীগঞ্জ সড়ক চার ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বেশ কিছু যানবাহন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হামজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোড়াগ্রাম ইউনিয়নের কিত্তনীয়া পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের ওপর সন্ত্রাসী হামলার খবরে শিক্ষার্থীরা রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নীলফামারী-দেবীগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। তারা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে। তিনি জানান, আহত শিক্ষক ভূপতি ভূষণ রায়কে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, ''বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভূপতি শনিবার বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে হাজিগঞ্জ শিমুলতলী নামক স্থানে কয়েকজন সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কোপায় এবং আঘাত করে।" তিনি অভিযোগ করেন, হাজিগঞ্জ এলাকার আনারুল হক (৪২), মমিনুর রহমান (৩৩) ও কাভেলসহ (৪০) আরো কয়েকজন সন্ত্রাসী ভূপতির ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি এলাকার একটি প্রতিষ্ঠানে আশ্রয় নিলেও সন্ত্রাসীরা তাকে টেনে বের করে পেটায়। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে সেটা তিনি বলতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৫৬ ঘ.