২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত ছাড় করুন: বাণিজ্যমন্ত্রী

রমজানকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য দ্রুত ছাড় করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। রোববার চট্টগ্রাম শুল্ক ভবনে শুল্ক কর্মকর্তা এবং এ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এ নির্দেশ দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 11:12 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

চট্টগ্রাম, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানকে সামনে রেখে চট্টগ্রাম বন্দরে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য দ্রুত ছাড় করার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। রোববার চট্টগ্রাম শুল্ক ভবনে শুল্ক কর্মকর্তা এবং এ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের এ নির্দেশ দেন তিনি। শুল্কায়ন জটিলতায় সব ধরনের ভোগ্যপণ্য যেন বন্দরে পড়ে না থাকে সে জন্য বাণিজ্যমন্ত্রী শুল্ক ও বন্দরের কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন। পণ্য সংকট নিয়ে ভোক্তাদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন,"রমজানকে সামনে রেখে গত দু'মাসে প্রচুর ভোগ্যপণ্য বন্দরে এসেছে এবং সেগুলো গুদামে মজুদ আছে।" ব্যবসায়ী ও আমদানিকারকদের অসাধু উপায়ে পণ্যের দাম না বাড়ানোর জন্যও সতর্ক করেন বাণিজ্যমন্ত্রী। এছাড়া জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধণের সময়সীমা আট ঘণ্টায় নামিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান ফারুক খান। তিনি বলেন, "আগে জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধণের জন্য ৯০ দিন সময় লাগত। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তা তিন দিনে নিয়ে এসেছে। ভবিষ্যতে আট ঘণ্টার মধ্যে একটি কোম্পানির নিবন্ধন শেষ করা হবে।" চট্টগ্রাম শুল্কভবনে পুরোপুরি অটোমেশন দ্রুত চালু করতে কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। বেসরকারি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে (আইসিডি) দক্ষ জনবল ও যন্ত্রপাতির সংকটের প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, "বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইসিডি'র প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই আলোচনা করা হবে। সরকার প্রয়োজনে তাদের সহায়তার উদ্যোগ নেবে।" চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আসা 'বিপজ্জনক কার্গো' যাতে দ্রুত ছাড়পত্র পায় সেজন্য নৌবাহিনীর সাথে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান। বৈঠকে শুল্ক কমিশনার (আমদানি) সৈয়দ গোলাম কিবরিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে মন্ত্রী চট্টগ্রাম টিসিবি কার্যালয় পরিদর্শন করেন এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৭২০ ঘ.