ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম থেকে সৈন্য প্রত্যাহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে রোববার হাইকোর্টে দুটি আবেদন হয়েছে।
এক আইনজীবী ও পার্বত্য চট্টগ্রাম এলাকার এক বাসিন্দার দায়ের করা ওই আবেদন দুটিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রাম থেকে সৈন্য প্রত্যাহার হলে সেখানে বসবাসরত বাঙালিদের জীবন হুমকির মুখে পড়বে।
আগামী ১৬ আগস্ট আবেদন দুটির ওপর শুনানি হবে।
বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর বেঞ্চে আবেদন দুটি দায়ের করা হয়।
আবেদনকারীরা হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও স্থানীয় অধিবাসী বদিউজ্জামান।
বদিউজ্জামানের পক্ষে আবেদন দায়ের করেন জামায়াতে ইসলামীর নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
আবেদনে আরও বলা হয়, পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন, বাস্তবায়ন ও স্বাক্ষরের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৭ সালে অ্যাডভোকেট তাজুল ইসলাম একটি রিট দায়ের করেছিলেন। ওই বছর ২৭ আগস্ট আদালত এর ওপর রুল জারি করেছিল।
ওই রিট আবেদনটি হাইকোর্টে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে জানিয়ে নতুন আবেদনে বলা হয়, এ মুহূর্তে পার্বত্যাঞ্চল থেকে সৈন্য প্রত্যাহার হলে রিট আবেদনটি অকার্যকর হয়ে যাবে।
আবেদনে আরও বলা হয়, ২০০০ সালে বদিউজ্জামানের করা আরেকটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে পার্বত্য শান্তি চুক্তির আলোকে করা আইনগুলো কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছিল। সেনা প্রত্যাহার হলে ওই রিটটিও অকার্যকর হয়ে যাবে।
গত ২৯ জুলাই সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে আংশিক সৈন্য প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। ১৯৯৭ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত শান্তি চুক্তির আলোকে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেনা প্রত্যাহার হলে পার্বত্য তিন জেলায় চাকমা রাজত্ব কায়েম হবে। আমাদের রিট আবেদনও অকার্যকর হয়ে যাবে। তাই সেনা প্রত্যাহারের নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছি।"
শুক্রবার পার্বত্যাঞ্চল থেকে এক ব্রিগেড সৈন্য প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। সেপ্টেম্বরের মধ্যে এক ব্রিগেড সৈন্য এবং কিছু অস্থায়ী ক্যাম্প সরিয়ে নেওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৬০০ ঘ.
bdnews24