ফরিদপুর, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-খুলনা মহাসড়কেল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়া নামক স্থানে শুক্রবার দুপুরে একটি বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
নিহতরা হলেন- ইব্রাহিম (১৩), মান্নান বেপারী (১৫), আকাশ ফকির (৩৫), সুমন (১৫), কেরামত মীর (২৫) ও রাশেদ (১২)।
গুরুতর আহত সাতজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- আতাহার (৪৫), রাজীব (১৪), ফিরোজ (৩০), ফজলু (৩০), কাইয়ুম (১২), হবি ফকির (৫২) ও সাদমন বিবি (৬০)।
হতাহতদের সবার বাড়ি মাদারীপুর জেলার মোস্তফাপুর গ্রামে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারফত উল্লাহ জানান, মাদারীপুরের মোস্তফাপুর থেকে একটি রিজর্ভ বাসে সবাই ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া দরবার শরীফে গিয়েছিল। ফেরার পথে দুপুর পৌনে ২টার দিকে নওপাড়া পৌঁছার পর সামনের চাকা ফেটে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। বাসটি ফরিদপুরের সদরপুর উপজেলার চন্দ্রপাড়া থেকে মাদারীপুর যাচ্ছিল।
ওসি জানান, ঘটনাস্থলেই চারজন মারা যান। অপর দুজন মারা যান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৪ ঘ.
bdnews24