ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এজন্য দেশের তিনটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় পাঠানো অধিদপ্তরের এক বুলেটিনে জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতেও বলা হয়েছে বুলেটিনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এসকে/২০০০ঘ.
bdnews24