সাভার (ঢাকা), আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় ঢাকা-টাঙ্গাইল সড়কে বৃহস্পতিবার সকালে বাস-ট্রাক সংঘর্ষে পাঁচ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
বাড়ইপাড়া এলাকায় সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।
বাসটি ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল- ডিইপিজেড'র পুরাতন জোনের 'এক্সপেরিয়েন্স ক্লথিং' নামে একটি কারখানার শ্রমিক-কর্মচারীদের বহন করছিল।
নিহতরা হলেন- ওই কারখানার স্টোর অফিসার স্বপন কুমার (৩৫), কোয়ালিটি ইনচার্জ এনামুল (৩৬), অপারেটর কুলসুম (২৮), সাগর (২৫) ও সাবিনা (২৭)।
এসআই সাইফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গাজীপুরের কালিয়াকৈর থেকে আসা বাসটির সঙ্গে বাড়ইপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা মসলাবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের পাঁচ আরোহী নিহত হয়।"
দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল সড়কে প্রায় দু'ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর সকাল ৯টার দিকে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা সাইফুল জানান, শ্রমিকবাহী বাসটি দ্রুতগতিতে ওই স্থান অতিক্রমের সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
আহতদের সাভারের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক আটক করেছে।
ডিইপিজেড'র মহা-ব্যবস্থাপক আশরাফুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনার পর 'এক্সপেরিয়েন্স ক্লথিং' কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২৪৫ ঘ.
bdnews24