সাভার, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বুধবার সকালে একজন খুন হয়েছেন।
নিহত রঞ্জিত সরকার (৩৫) রাজফুলবাড়িয়া এলাকার প্রফুল্ল সরকারের ছেলে।
পুলিশ ঘটনাস্থল থেকে রক্তরঞ্জিত একটি রিকশা উদ্ধার করেছে। তবে রিকশা চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি। ছুরিকাঘাতে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ তাকে মাদক ব্যবসায়ী বললেও রঞ্জিতের পরিবার তা অস্বীকার করে।
সাভার থানার উপ-পরিদর্শক ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ''রঞ্জিত সরকার একজন মাদক ব্যবসায়ী। ব্যবসায়িক কোন্দলের জের ধরে প্রতিপক্ষ গ্র"প তাকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।''
ঘটনাস্থল থেকে উদ্ধার করা রিকশার চালককে পাওয়া গেলে হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব বলে তিনি জানান। এ ব্যাপারে সাভার থানায় একটি হত্যা মামলা হয়েছে।
এদিকে রঞ্জিতের বাবা প্রফুল্ল সরকার বলেন, "ভোর ৫টার দিকে মাছ কেনার জন্য রঞ্জিত বাসা থেকে বের হয়। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ পাই।"
রিকশায় করে মাছ কিনতে যাওয়ার সময় ছিনতাইকারীরা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করেছে বলে ধারণা করছেন তিনি।
পুলিশের বক্তব্য সম্পর্কে তিনি বলেন, পুলিশ তার ছেলেকে মাদক ব্যবসায়ী বলে প্রচার চালাচ্ছে। কিন্তু সে মাদক ব্যবসায়ী নয়, মৎস্য ব্যবসায়ী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯২৫ ঘ.
bdnews24