২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ঠিকাদার ও মৎস্য খামারী অপহৃত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা এলাকা থেকে মঙ্গলবার বিকেলে এক ঠিকাদার ও মৎস্য খামারীকে অপহরণ করে কয়েকজন অস্ত্রধারী। অপহৃত ফারুক আহমদ (৬০) শহরে ফারুক কন্ট্রাক্টর হিসেবে পরিচিত। পরিবার নিয়ে তিনি থাকেন জেলা শহরের বনরূপায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 04:27 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

বান্দরবান, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ছাইঙ্গ্যা এলাকা থেকে মঙ্গলবার বিকেলে এক ঠিকাদার ও মৎস্য খামারীকে অপহরণ করে কয়েকজন অস্ত্রধারী। অপহৃত ফারুক আহমদ (৬০) শহরে ফারুক কন্ট্রাক্টর হিসেবে পরিচিত। পরিবার নিয়ে তিনি থাকেন জেলা শহরের বনরূপায়। ছাইঙ্গ্যা এলাকায় নিজের বাড়িতে গড়ে তোলা খামারে মাঝেমধ্যে গিয়ে নিজের মৎস্য খামার ও বাগান তত্ত্বাবধান করেন। অপহরণের সময় তিনি ওই খামারে ছিলেন। আইন-শৃঙ্খলা বাহিনী তাকে উদ্ধার অভিযান শুরু করেছে বলে পুলিশ জানিয়েছে। রোয়াংছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, তিনি ফারুক আহমদকে অপহরণের কথা শুনেছেন। খবর পেয়েই ফারুক আহমদকে উদ্ধার অভিযান শুরু করা হয়। ছাইঙ্গ্যা এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন অস্ত্রধারী ছাইঙ্গ্যা দানেশ পাড়ায় ফারুক আহমদের খামার বাড়িতে এসে তাকে নিয়ে যায়। ওমর ফারুক বলেন, অপহরণের ঘণ্টাখানেক পর অপরিচিত একটি মোবাইল ফোন থেকে অপহৃত ফারুক কন্ট্রাক্টর তাকে (ওমর ফারুক) ফোন করে বলেন, অপহরণকারীরা জানিয়েছে- টাকা (মুক্তিপণ) দিয়ে ঝামেলা চুকিয়ে ফেলতে। তবে মুক্তিপণের টাকার অংক জানানো হয়নি। এদিকে অপহৃত ফারুক কন্ট্রাক্টরের জামাতা নাজিম উদ্দিন জানান, বিকেলে সন্ত্রাসীরা তার শ্বশুরকে অপহরণ করে নিয়ে গেছে। ২০০৫ ও ২০০৬ সালে ফারুক আহমদ বান্দরবান জেলার শ্রেষ্ঠ মৎস্য খামারী হিসেবে পুরস্কার পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২২৭ ঘ.