পাবনা, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম জিয়ার মাঠ থেকে মঙ্গলবার দুপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
প্রতিপক্ষের সন্ত্রাসীদের সোমবার রাতে তাকে গুলি ও জবাই করে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শহিদুল ইসলাম ওরফে শহিদ (৩৫) সাঁথিয়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সৈয়দ আলীর ছেলে।
শহিদ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এম-এল) জনযুদ্ধ গ্র"পের আঞ্চলিক নেতা। তাকে প্রতিপক্ষের সন্ত্রাসীরা হত্যা করে থাকতে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন পাবনার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) নিবাস চন্দ্র মাঝি।
তিনি বলেন, "সোমবার রাতে ১০/১২ জন সন্ত্রাসী শহিদকে লক্ষ্মীপুরের বাড়ি থেকে ধরে নিয়ে যায়।''
এসপি জানান, দুপুর ১২টার দিকে শহিদের জবাই করা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্র পাবনা জেনালের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফরিদপুর থানায় মামলা হয়েছে। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
তিনি আরও জানান, শহিদের বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৫২ ঘ.
bdnews24