২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগ থেকে রেহাই পেতে চাই সচেতনতা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বললেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে না পারলে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা থেকে রেহাই পাওয়া যাবে না। সোমবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরে 'বিদ্যালয়ের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস" শীর্ষক এক কনভেনশনে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 01:47 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বললেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে না পারলে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা থেকে রেহাই পাওয়া যাবে না। সোমবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরে 'বিদ্যালয়ের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি হ্রাস" শীর্ষক এক কনভেনশনে তিনি এ কথা বলেন। বেসরকারি সংস্থা অ্যাকশন এইডসহ কয়েকটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। দেশে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা ও নানা বিপদের আশঙ্কার কথা উল্লেখ করে নাহিদ বলেন,"এ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য বড় প্রয়োজন সচেতনতা বৃদ্ধি। সচেতনতা বৃদ্ধি করতে না পারলে আমরা এ বিপদ থেকে রেহাই পাব না।" তিনি বলেন,"এ সচেতনতার কাজে জ্ঞানী-গুণীদের নিয়ে আসা উচিত। যাতে মানুষকে বেশি সচেতন করা যায়। আর বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশি করে সচেতন করতে পারলে এ দুর্যোগ মোকাবেলাতেও বেশি কাজে আসবে।" অ্যাকশন এইডের কান্ট্রি পরিচালক ফারাহ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এসকে/১৯৫৬ঘ.