ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আদালতপাড়ায় চেম্বারে ঢুকে এক আইনজীবীকে গুলি করেছে সন্ত্রাসীরা।
সোমবার বিকেলের এ ঘটনায় হাতে গুলিবিদ্ধ অবস্থায় আইনজীবী মিয়া মো. জাকির হোসেনকে (৪২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক আজিমুল করিম জানান, সোমবার বেলা পৌনে ৪টার দিকে দুই ব্যক্তি ২৩/১ কৈলাশ ঘোষ লেনের চেম্বারে ঢুকে আইনজীবী জাকির হোসেনকে গুলি করে। তার ডান হাতে একটি গুলি লেগেছে।
ঘটনার ব্যাপারে এর বেশি এখনও কিছু জানা যায়নি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত আইনজীবী সাংবাদিকদের বলেন, প্রথমে এক লোক এসে দারোয়ানের কাছে তার খোঁজ করে। এরপর সে ভেতরে ঢুকে পরপর দু' রাউন্ড গুলি করলে একটি গুলি তার ডান হাতে বিদ্ধ হয়।
ঘটনার কারণ সম্পর্কে জাকির হোসেন জানান, গত ৩/৪ দিন ধরে জনৈক শহীদের নাম করে ভারত থেকে তাকে ফোন করা হচ্ছিল। তবে ফোনে তার সঙ্গে 'কথা আছে' বলে বলা হলেও কী কথা আছে সে বিষয়ে কিছু বলা হয়নি। এ ঘটনার সঙ্গে গুলির ঘটনার যোগসূত্র রয়েছে বলে তিনি মনে করছেন।
আমাদের আদালত প্রতিবেদক জানিয়েছেন এ ঘটনার পর আদালতপাড়ায় আইনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক আইনজীবী ঘটনাস্থলে অবস্থান করছেন। কৈলাশ ঘোষ লেনে আরও অনেক আইনজীবীর চেম্বার রয়েছে।
বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/পিবি/প্রতিনিধি/এসকে/১৭৪১ঘ.
bdnews24