ঢাকা আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাছ থেকে ভালো কিছু পেতে হলে এ বাহিনীর সুযোগ-সুবিধা বাড়িয়ে তাকে আধুনিক করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।
রোববার নতুন রামপুরা থানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এ কথা বলেন।
খিলগাঁও থানার একাংশ ( ২২ ও ২৩ নং ওয়ার্ড) নিয়ে রামপুরা থানা প্রতিষ্ঠা করা হলো। এ নিয়ে ঢাকা মহানগরীতে ৩৬টি থানা হলো।
নূর মোহাম্মদ বলেন, "রাতের পর রাত যারা দায়িত্ব পালনের কারণে ঘুমাতে পারেনা তাদের কাছ থেকে ভালো কিছু আশাও করা যায়না। এরপরও এসব সীমাবদ্ধতা সত্ত্বেও পুলিশ সেবামুলক কাজ করে যাচ্ছে।"
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে রামপুরা থানা দপ্তর স্থাপন করা হয়েছে।
নাগরিকদের উদ্দেশে আইজিপি আরো বলেন, পুলিশকে ভয় পাওয়ার আগের সেই দিন আর নেই। ডিজিটাল বাংলাদেশ গড়তে পুলিশের ভূমিকাও রয়েছে। পুলিশকে গড়ে তোলার দায়িত্ব আপনাদেরও।
তিনি জনগণের প্রতি আহবান জানিয়ে বলেন, "পুলিশ কোথায় ভুল করে, কাকে হয়রানি করে সে বিষয়ে আপনারা খবর দেবেন।"
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পার্শ্ববর্তী দেশ এবং এদেশে সন্ত্রাসীদের আনাগোনা আছে। আইনের ফাঁক-ফোকর দিয়ে অনেকেই পাসপোর্ট পেয়ে যায়। আমাদের সাথে ভারতের বন্দি বিনিময় চুক্তি না থাকার কারণে এক্ষেত্রে কিছু করা যাচ্ছে না। সরকারের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা চলছে। এটা খুবই প্রয়োজন।
মঙ্গলবার আগাঁরগাওয়ে শেরে বাংলা নগর থানা নামে আরেকটি থানার উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য জাহানারা বেগম, পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক, শিল্পী ফকির আলমগীর, ২২নং ওয়ার্ড কমিশনার মোঃ আক্কেল আলী, আওয়ামী লীগ নেতা মুকুল চৌধুরী, আলমগীর চৌধুরী, দক্ষিণ বনশ্রী প্লট মালিক কল্যাণ সমিতির সভাপতি এম কে আলম মৃধা ও সমাজ সেবক ও সংগঠক শামীমা আক্তার ডলি বক্তৃতা করেন।
অনুষ্ঠানে পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার খন্দকার মহিদ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এসকে/০০৫৩ঘ.
bdnews24