২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে শিক্ষকের অপসারণ দাবিতে ছাত্রীদের পরীক্ষা বর্জন

ছাত্রীদের প্রতি অশালীন উক্তি, দুর্ব্যবহার, যৌন হয়রানিসহ নানা অভিযোগে তিন শিক্ষকের অপসারণের দাবিতে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা পরীক্ষা বর্জন শুরু করেছে। এ সময় তারা স্থানীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 07:01 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

মেহেরপুর, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীদের প্রতি অশালীন উক্তি, দুর্ব্যবহার, যৌন হয়রানিসহ নানা অভিযোগে তিন শিক্ষকের অপসারণের দাবিতে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা পরীক্ষা বর্জন শুরু করেছে। এ সময় তারা স্থানীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য বিদ্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়। অভিযুক্ত তিন শিক্ষক হলেন- এমরান হোসেন, আব্দুল হামিদ ও মাসুম বিল্লাহ। ওই শিক্ষকদের বিরুদ্ধে অভিযেগগুলোর মধ্যে রয়েছে ছাত্রীদের প্রতি অশালীন মন্তব্য করা, অশ্লীল ইঙ্গিত করা, দুর্ব্যবহার করা, প্রাইভেট পড়তে বাধ্য করা এবং তাদের কথা না শুনলে পরীক্ষায় ফেল করানোর হুমকি দেওয়া। রোববার থেকে শুরু হওয়া ১০ম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ না করে ১১০ জন ছাত্রী স্থানীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করে। ছাত্রীরা শহীদ মিনারে সভায় তারা অভিযুক্ত তিন শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত স্কুল ও বোর্ডের সকল পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রোববার জরুরি সভায় মিলিত হন। সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি আমজাদ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ, মেহেরপুর পৌর মেয়র মুতাছিম বিল্লাহ মতু, ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজাদ এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মান্নান। স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান শিক্ষক আনিসুর রহমান, আন্দোলনরত ছাত্রীদের অভিভাবকরা এবং সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। সভায় অভিভাবকরা অভিযুক্ত শিক্ষকদের অপসারণ করে স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসককে অনুরোধ করেন। ছাত্রীদের অভিযোগ তদন্তে ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আজাদকে নিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় আশ্বাস দেন জেলা প্রশাসক। দুই ঘণ্টা অবস্থান ধর্মঘটের পর মেয়র এবং জেলা প্রশাসকের আশ্বাস পেয়ে তারা শহীদ মিনার ত্যাগ করে ছাত্রীরা বাড়ি ফিরে যায়। স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বিদ্যালয়ে নতুন যোগদান করার পর শিক্ষকদের বিরুদ্ধে এমন অভিযোগ শুনেছেন। ছাত্রীরা তিন শিক্ষকের অপসারণ দাবি করে পরীক্ষা বর্জনের ঘোষণা দিলে তিনি তা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান বলে উল্লেখ করেন। জেলা প্রশাসক আমজাদ হোসেন খান বলেন, শিক্ষকদের বিরুদ্ধে ছাত্রীদের এমন অভিযোগ খুবই দুঃখজনক। তিনি তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১০ ঘ.