২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছরের হিসাব বিবরণী জমা না দিতে ইসিতে বিএনপি'র আবেদন

চলতি বছরের অডিট রিপোর্ট জমা দেওয়া থেকে অব্যাহতি চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 05:55 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের অডিট রিপোর্ট জমা দেওয়া থেকে অব্যাহতি চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে আবেদন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। নিবন্ধন বিধিমালা অনুযায়ী রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব বিবরণী জমা দেওয়ার বিধান রয়েছে। রোববার দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার কাছে এ আবেদন জানান। পরে রিজভী আহমেদ সাংবাদিকদের বলেন, "চলতি বছরে দলের আয়-ব্যয়ের হিসাবের অডিট রিপের্ট জমা না দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিতেই কমিশনে এসেছি।" এছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কথা হয়েছে কিনা- জানতে চাওয়া হলে তিনি 'না' সূচক উত্তর দেন। এ ব্যাপাারে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, "নিবন্ধন বিধিমালার ৯ (৪) ধারা অনুযায়ী প্রত্যেক নিবন্ধিত দল তাদের সারা বছরের আয়-ব্যয়ের হিসার একটি রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের মাধ্যমে অডিট করিয়ে তা কমিশনে জমা দেওয়ার বিধান রয়েছে। তারা এ থেকে অব্যাহতি চেয়ে কমিশনে যে চিঠি দিয়েছে তা আমরা গ্রহণ করেছি।" অডিট রিপোর্ট এ বছরের জন্য প্রযোজ্য নয়- জানিয়ে সিইসি বলেন, "এ নিয়ে এত উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। এ বছর অডিট রিপোর্ট জমা না দিলেও কোন ব্যত্যয় ঘটবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/এসকে/২৩১৫ঘ.