২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানকে তিরস্কার করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অমান্য করে পাম্প চালু রাখতে জেনারেটর সংগ্রহ না করায় চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানকে তিরস্কার করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 05:45 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অমান্য করে পাম্প চালু রাখতে জেনারেটর সংগ্রহ না করায় চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানকে তিরস্কার করলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। চট্টগ্রাম ওয়াসার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ধীরগতি এবং ১৬৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন একটি প্রকল্পের ব্যাপারে আদালতে বিচারাধীন মামলার যথাযথ তদারকি না করায় অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী ওই সংস্থার ব্যাপারে মন্ত্রণালয়ের তদারকি জোরদার করার নির্দেশ দেন। সভায় অংশগ্রহণকারী একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানায়। স্থানীয় সরকার বিভাগের অধীন বিভাগ ও সংস্থাগুলোর সমাপ্ত ২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় রোববার তিনি এ নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৈয়দ মঞ্জুর হোসেন ও মোহাম্মদ ইসহাকসহ সংশ্লিষ্ট বিভাগ, সংস্থা ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চিত্র তুলে ধরে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগে ওই অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার ৯৩ দশমিক ৭৪ শতাংশ। এর মধ্যে বিভিন্ন প্রকল্পের অনুকূলে বাস্তবায়ন হয়েছে ৯২ দশমিক ৯৩ শতাংশ। তবে উন্নয়ন সহায়তার জন্য দেওয়া বরাদ্দের শতভাগই ব্যয় করা হয়েছে। এতে বলা জানানো হয়, গত অর্থবছরের সংশোধিত এডিপিতে উন্নয়ন খাতের জন্য মোট বরাদ্দের পরিমাণ ছিল ২৩ হাজার কোটি টাকা। এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের জন্য বরাদ্দের পরিমাণ ছিল পাঁচ হাজার ১৩৪ দশমিক ০২ কোটি টাকা। স্থানীয় সরকার বিভাগের জন্য বরাদ্দের মধ্যে ৫৯০ কোটি টাকা উন্নয়ন সহায়তা ও অন্য চার হাজার ৫৪৪ কোটি দশমিক ০২ কোটি টাকার প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়। সভায় উপস্থাপিত তথ্যে বলা হয়, এডিপি বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের অধীনে সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে শতভাগ সফল হয়েছে মাত্র দুটি সংস্থা চট্টগ্রাম ও বরিশাল সিটি করপোরেশন। রাজশাহী সিটি করপোরেশন ৯৯ দশমিক ৬৮ শতাংশ, ঢাকা সিটি করপোরেশন ৯৫ দশমিক ৩৯ শতাংশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ৯৫ দশমিক ২৫ শতাংশ সাফল্য অর্জন করেছে। সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে চট্টগ্রাম ওয়াসা, তাদের অর্জন ৩৭ দশমিক ৭২ শতাংশ। সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে এমন তিনটি প্রকল্প হচ্ছে সারাদেশে পানি সরবরাহ প্রকল্প, এনভায়রনমেন্ট টেকনোলজি ভেরিফিকেশন সাপোর্ট টু আর্সেনিক মিটিগেশন এবং রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ প্রকল্প। এদের অর্জন শতভাগ। সভায় উত্থাপিত তথ্যের ভিত্তিতে পর্যালোচনায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক চট্টগ্রাম ওয়াসার কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ এবং চেয়ারম্যান মোহাম্মদ ইসহাককে তিরস্কার করেন। তিনি মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করার কারণও ব্যাখ্যা করতে বলেন তাকে। একইসঙ্গে প্রতিমন্ত্রী মোহরা পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তি তদারকিতে অবহেলা এবং এ বিষয়ে মন্ত্রণালয়কে অবহিত না করায় ওই প্রকল্পের প্রকল্প পরিচালককে (পিডি) প্রত্যাহার করে নতুন পিডি নিয়োগের নির্দেশও দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/২৩৫৯ঘ.