২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নদী থেকে গাইবান্ধার ব্যবসায়ীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা এলাকায় করতোয়া নদী থেকে রোববার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

সিরাজগঞ্জ, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঘাটিনা এলাকায় করতোয়া নদী থেকে রোববার সকালে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম শাজাহান আলী (৪৫)। তার বাড়ি গাইবান্ধা জেলার কদমশহর গ্রামে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন। ঢাকা আলু বিক্রি করে শনিবার রাতে তিনি ঢাকা-খুলনা আন্তনগর এক্সপ্রেস ট্রেন সুন্দরবনে করে বাড়ি ফিরছিলেন। ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে ট্রেন থেকে ফেলে দিয়ে থাকতে পারে বলে জানিয়েছেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। তিনি জানান, তারা খোঁজ নিয়ে জেনেছেন শাজাহান ঢাকার কারওয়ান বাজারে আলু বিক্রি করে সুন্দরবন এক্সপ্রেসে করে শনিবার রাতে বাড়ি ফিরছিলেন। তার কাছে প্রায় আড়াই লাখ টাকা ছিল। শাজাহানের পকেটে ঢাকা-নাটোর রেলপথের সুন্দরবন ট্রেনের টিকেট পাওয়া গেছে বলেও তিনি জানান। ওসি জানান, শাজাহানের লাশটি ঘাটিনা রেল সেতুর নিচে নদী থেকে উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য পাঠানো হয় সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২১৪ ঘ.