ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ও নিয়োগে অনিয়মের অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বেশি অনিয়ম হওয়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে তদন্ত করা হবে বলেও জানান তিনি।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
নাহিদ বলেন, "দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে যেসব অনিয়ম হয়েছে তা তদন্ত করা হবে। এর মধ্যে বেশি অনিয়ম হওয়া ৪/৫টি বিশ্ববিদ্যালয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের মাধ্যমে তদন্ত হবে। বাকিগুলো নিজেরাই তদন্ত করবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।"
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অনিয়মের অভিযোগে জাতীয়, উন্মুক্ত, রাজশাহী, টাঙ্গাইল মাওলানা ভাসানী ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- এ ৫টি বিশ্ববিদ্যালয়ে বিচার বিভাগীয় তদন্ত হবে।
মূলত ২০০১ থেকে ২০০৮ পর্যন্ত অনিয়মের তদন্ত করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়কে 'দুর্নীতির আখড়া' অভিহিত করে বলেন, "জোট সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একদিনে ১৮০০ জনকে চাকরি দেওয়া হয়েছে।"
বিশ্ববিদ্যালয়টিতে দুর্নীতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেকগুলোই সফল হতে পারেনি মন্তব্য করে নুরুল ইসলাম নাহিদ বলেন, "এজন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য গ্রহণযোগ্য একটি নতুন আইন করা হচ্ছে। আশা করছি আগামী সংসদেই প্রস্তাবিত আইন উত্থাপন করা হবে।"
মানসম্মত শিক্ষার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, "আমাদের সামনে শিক্ষার মান বৃদ্ধিই বড় চ্যালেঞ্জ। মানসম্মত শিক্ষা না দিলে আমরা যা চাই তা হবে না। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে মানসম্মত শিক্ষা প্রয়োজন।"
এছাড়া ঝরে পড়া ও সব শিশুকে স্কুলে নিয়ে আসতে দেশে আরও পনেরশ' প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার কথা আবারো উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, "নিরক্ষরতার বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হলে সবাইকে স্কুলে আনতে হবে এবং ঝরে পড়া রোধ করতে হবে।"
ঝরে পড়া রোধে পিছিয়ে পড়া অঞ্চলে প্রয়োজনে শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হবে বলেও জানান নাহিদ।
শিক্ষকদের মান বৃদ্ধি, মাধ্যমিক শিক্ষা, কিন্ডারগার্টেন স্কুল নিবন্ধনের বিষয়সহ জন্য নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলাখুলি জবাব দেন শিক্ষামন্ত্রী।
মাধ্যমিক শিক্ষা উপেক্ষিত- এ মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, "আমরা এর গুণগত মান বৃদ্ধির চেষ্টা করছি।"
এছাড়া কিন্ডারগার্টেনকে নিবন্ধনের আওতায় আনার কথাও জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "কেউ যদি বলে আমার ওপর এ মুহূর্তে বড় চাপ কি তবে বলব বই ছাপা। কারণ ২১ কোটি পাঠ্য বই ছাপতে হচ্ছে।"
বর্তমান সরকার প্রাথমিকের মতো মাধ্যমিক স্তরেও বিনামূল্যে বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া প্রাথমিকের সব শিক্ষার্থীকেই নতুন বই দেওয়া হবে। এজন্য আগের চেয়ে বই বেশি ছাপতে হচ্ছে। আগে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীকে নতুন বই এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্ধেক নতুন বই এবং অর্ধেক পুরনো বই দেওয়া হতো।
মানব সম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার বিষয়ে গুরুত্বরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, "কারিগরি শিক্ষা উপেক্ষিত। এজন্য প্রতিটি থানায় একটি করে কারিগরি স্কুল প্রতিষ্ঠা করা হবে।"
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে উচ্চপদস্থ কারো বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেলে পদে রাখা হবে না বলে জানান নাহিদ।
বিভিন্ন স্থানে বিশ্ব খাদ্য সংস্থার বিস্কুট খেয়ে শিশু শিক্ষার্থীদের অসুস্থতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ বলেন, "কেবল বিস্কুটের কারণে অসুস্থ হয়েছে তার কোনো স্বীকৃত প্রমাণ পাওয়া যায়নি। তবে অনেক শিশু অতি ক্ষুধার্ত অবস্থায় হাই প্রোটিন বিস্কুট খাওয়ায় পেট খারাপ হলে হতেও পারে। তারপরও আমরা বিষয়টিতে সজাগ রয়েছি।"
দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করে নাহিদ বলেন, দুর্নীতি আছে এমন মন্ত্রণালয়ে তিনি থাকতে চান না।
জোট সরকারের সময় দলীয়করণের বিভিন্ন চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, "আগের সরকার দলীয়করণ করেছে বলে আমরাও পাল্টাপাল্টি দলীয়করণ করতে চাই না।"
ধর্মীয় শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষায় বাস্তবমুখী শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে নাহিদ বলেন, "আমরা মাদ্রাসার বিরুদ্ধে নই। আমরা চাই মাদ্রাসায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও বাস্তবসম্মত শিক্ষা দেওয়া হোক।"
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক পথিক সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২০০১ঘ.
bdnews24