২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাখির আঘাতে ইঞ্জিনে সমস্যা, ওড়ার পর ফিরে এল উড়োজাহাজ

পাখির সঙ্গে সংঘর্ষে ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় কুয়েত এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান ওড়ার আধা ঘণ্টার মধ্যে পুনরায় জিয়া বিমান বন্দরে ফিরে এসেছে। তবে রোববার সকালের এ ঘটনায় কোনও যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাখির সঙ্গে সংঘর্ষে ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় কুয়েত এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান ওড়ার আধা ঘণ্টার মধ্যে পুনরায় জিয়া বিমান বন্দরে ফিরে এসেছে। তবে রোববার সকালের এ ঘটনায় কোনও যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার সাইয়েদুল হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আজ (রোববার) সকাল ৭টা ৩৮ মিনিটে কুয়েতগামী উড়োজাহাজটি উড্ডয়ন করে এবং ৮টা ৬ মিনিটে আবার অবতরণ করে। তিনি বলেন, "সম্ভবত পাখির আঘাতে ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় তারা দ্রুত ফিরে আসে।" কুয়েত গামী এয়ারবাসের এ উড়োজাহাজটিতে ২২৯ জন যাত্রী ছিলেন। কুয়েত এয়ারওয়েজের ট্রাফিক অফিসার মাহমুদুল হাসান বলেন, "পাখির আঘাতে একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। তাই উড়োজাহাজটি ফিরে আসে।" হাসান জানান, ফিরে আসা যাত্রীদের মধ্যে লন্ডনগামী ৩০ জন এবং প্যারিসগামী ৫ জনকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের বিভিন্ন হোটেলে রাখা হয়েছে এবং রোববার রাতে কুয়েত, দোহা, বৈরুত ও সংযুক্ত আরব আমিরাতের ৫৫ জন যাত্রীকে পাঠানো হবে বলে জানান তিনি। তবে এ ফ্লাইটের নিউইয়র্কগামী ৯০ জন যাত্রীকে পাঠানোর ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৭১০ ঘ.