ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবী ও কামরাঙ্গীর চরে জমি নিয়ে সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ নয়জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর পল্লবীর রূপনগর এলাকার রোড-১ এর ৫ নম্বর বাড়িতে শনিবার বিকেল তিনটার দিকে হামলা চালায় একদল সন্ত্রাসী। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্রী আয়শা আক্তার সুমি (১৮), তার বোন পিংকি (১৫)কে কুপিয়ে ও চাচী সালমা আক্তার (৪০) ও আবদুস সাত্তার (৪৫)কে গুলি করে আহত করে।
সুমি হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের বাসার একটি অংশ মাহবুব নামের এক ব্যক্তি ভাড়া নিয়ে ওয়াশিং ফ্যাক্টরি স্থাপন করে। কিন্তু কিছুদিন আগে তাকে বাসা থেকে উচ্ছেদ করা হয়। এর জের ধরেই মাহবুব তাদের উপর এই হামলা চালায়।
পল্লবী থানার উপ-পরিদর্শক আলমগীর বলেন, জমি নিয়ে বিরোধের কারণে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। মাহবুবকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
অপরদিকে সকাল ১০টার দিকে কামরাঙ্গীর চরের বড়গ্রাম এলাকায় মোজাফফর হোসেনের (৭৫) বাড়িতে হামলা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় তিনি ছাড়াও মজিবর (৪০), মিজান (৩৫), সোহবার (৩০) ও হানিফ (২৫) নামে তার চার ছেলে আহত হন।
মোজাফফর হোসেন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ৮ বছর আগে বড়গ্রামের আলীনগরের এই বাড়িটি কিনে তারা বসবাস করে আসছেন। কিছুদিন আগে স্থানীয় স্বেচ্চাসেবক লীগের মানিক, জাহাঙ্গীর ও ইকবাল তার কাছে তিন লাখ টাকা চাদা দাবী করে। চাঁদা না দেওয়ার কারণেই তারা শনিবার সকালে বাড়িতে হামলা চালায় বলে তিনি জানান।
কামরাঙ্গীর চরের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে বড়গ্রামের একটি বাড়িতে সংঘর্ষ হয় বলে জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৫৭ ঘ.
bdnews24