ঢাকা, আগস্ট ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) ঢাকা ইমপেরিয়াল কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
নাহিদ বলেন, "শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করা হবে। আর নতুন প্রজন্ম হবে ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রপথিক।"
সব শিক্ষা প্রতিষ্ঠানে উন্নত মানের শিখন পদ্ধতি চালু করতে না পারাকে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে অভিহিত করে শিক্ষামন্ত্রী বলেন, "এ বৈষষ্য দূর করতে সরকার জোর প্রচেষ্টা চালাচ্ছে।"
তিনি বলেন,"অনেক নামকরা প্রতিষ্ঠানে সব জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করেও কাক্সিক্ষত ফলাফল পাওয়া যাচ্ছে না। এসএসসিতে জিপিএ-৩ বা ৪ পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করে যারা এইচএসসিতে জিপিএ-৫ অর্জন করাতে পারে এমন প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে।"
কলেজের পরিচালনার কমিটির সভাপতি ড. এম এ মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাট্য ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, নটরডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন কস্তা, অধ্যক্ষ অধ্যাপক মাহফুজুল হক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এইচএ/২০৫৬ ঘ.
bdnews24