মাগুরা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতনের দাবিতে মাগুরা সদর হাসপাতালের উন্নয়ন প্রকল্পের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করেছেন।
তাদের এ কর্মসূচি চলাকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা দুর্ভোগে পড়েন। চিকিৎসা না পেয়ে অনেক রোগীই হাসপাতাল ত্যাগ করেন।
আন্দোলনরত কর্মচারী তরিকুল ইসলাম ও হারুন-অর-রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দাবি মানা না হলে রোববার থেকে সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল ঘেরাও করা হবে। পাশাপাশি বেতন বঞ্চিত চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আমরণ অনশন কর্মসূচিও দেবে।
তারা জানান, ৫০ শয্যার মাগুরা সদর হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার সময় ১৯৯৮ সালের জুন মাসের একটি উন্নয়ন প্রকল্পের আওতায় ১১ জন চিকিৎসকসহ ৭৬ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। ২০০৩ সালের ডিসেম্বরে তাদের বেতন বন্ধ হয়ে যায়। ফলে ২০০৪ এর জানুয়ারি থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ৬৭ মাসের বেতন পাওনা হয়েছেন তারা।
সিভিল সার্জন কে এ এম মাসুদুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সুরাহার চেষ্টা করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৪১ ঘ.
bdnews24