বরগুনা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভাইঝির বিয়েতে না যাওয়ায় বৃহস্পতিবার রাতে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের কালাইমুদাবাদ গ্রামে এক ব্যক্তিকে তার ভাই ও ভাইয়ের ছেলেরা ছুরিকাঘাতে হত্যা করেছে।
নিহত ব্যক্তি হলেন- আবদুর রশিদ (৪৬)।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আখতার জানান, দুদিন আগে আবদুর রশিদের ভাই আবদুস সোবাহানের মেয়ের বিয়ে হয়। ওই বিয়েতে রশিদসহ তার পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হলেও রশিদের পরিবারের কেউ যায়নি।
এ নিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রশিদের সঙ্গে তার ভাই ও ভাইয়ের ছেলেদের কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে তারা রশিদের পেটে ছুরি বসিয়ে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
রশিদের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে আবদুস সোবাহান, তার দুই ছেলে রিপন ও বাদলসহ আটজনকে আসামি করে বরগুনা সদর থানায় একটি হত্যা মামলা করেছেন বলেও ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬২১ ঘ.
bdnews24