২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে বিস্ফোরণে তিন যুবক আহত

গাড়ির যন্ত্রাংশ তৈরির সময় বুধবার রাতে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এলাকায় বিস্ফোরণে তিন যুবক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 03:06 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

কিশোরগঞ্জ, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাড়ির যন্ত্রাংশ তৈরির সময় বুধবার রাতে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ এলাকায় বিস্ফোরণে তিন যুবক আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আরেক জনকে ভর্তি করা হয়েছে কিশোরগঞ্জ সদর হাসপাতালে। বাকিজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের তিনজনকে আটক করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়। কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, গাড়ির যন্ত্রাংশ তৈরি করতে গিয়েই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আটকৃতদের ছেড়ে দেওয়া হয়েছে। কিশোরগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট ভানু লাল দাস সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, পুলিশ বিস্ফোরণের বিভিন্ন আলামত জব্দ করে। বিস্ফোরণের কারণ নির্ণয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখার পর নিশ্চিত হওয়া গেছে গাড়ির যন্ত্রাংশ তৈরির সময় দুর্ঘটনাক্রম বিস্ফোরণ ঘটেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ১টার দিকে জেলা শহরের শোলাকিয়া এলাকায় আলাউদ্দিন মাস্টারের ভাড়াটিয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আব্দুল কাদিরের ঘরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দে এলাকার লোকজনের ঘুম ভেঙ্গে যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে বাড়ির ভিতর থেকে বিস্ফোরণে আহত তিন যুবককে আটক করে। এদের মধ্যে কাদিরের ছেলে হাতেম আলীকে (২৫) ঢাকা পঙ্গু হাসপাতাল, তারেককে (৩২) কিশোরগঞ্জ হাসপাতালে এবং আসিফ (২২) নামে অপর একজনকে প্রাথমিক চিকিৎসার পর কিশোরগঞ্জ সদর থানা হাজতে নেওয়া হয়। কাদির পাঁচ বছর আগে আলাউদ্দিনের চারকক্ষের বাসাটি ভাড়া নিয়ে সপরিবারে বাস করছেন। জিজ্ঞাসাবাদে তারেক ও আসিফ পুলিশকে জানান, তারা যানবাহনের যন্ত্রাংশ তৈরির কাজ করতেন। এ কাজ করতে গিয়েই দুর্ঘটনাক্রমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.