২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহৃত আট জেলের ছয়জনকে সুন্দরবন থেকে উদ্ধার

জলদস্যুদের হাতে অপ‎হৃত আট জেলের মধ্যে ছয়জনকে বুধবার গভীর রাতে সুন্দরবন এলাকা থেকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2009, 02:17 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

বাগেরহাট, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জলদস্যুদের হাতে অপ‎হৃত আট জেলের মধ্যে ছয়জনকে বুধবার গভীর রাতে সুন্দরবন এলাকা থেকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড। তবে অপহরকারীদের কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার করা জেলেরা হলেন- হেমায়েত মোল্লা (৪০), বেলায়েত ফরাজী (৩৮), শাহা (৩৫), জামাল খাঁ (৪২), কামাল (৪০) এবং নেকবার মুন্সি (৩৯)। লতিফ মুন্সি ও সরোয়ার হোসেন নামের অপর দুই জেলেকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এদের সবার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। গত ২৬ জুলাই বঙ্গোপসাগরে মাছ ধরে ফেরার পথে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকা থেকে ট্রলারসহ আট জেলেকে অপহরণ করে জলদস্যুরা। তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে দস্যুরা আট লাখ দাবি করে। বৃহস্পতিবার সকালে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট লোকমান হাকিম টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুন্দরবনের সুপতি, কটকা ও কচিখালী এলাকায় অভিযান চালিয়ে জলদস্যু কবীর বাহিনীর হাতে অপহৃত আট জেলের মধ্যে এ ছয়জনকে উদ্ধার করা হয়েছে।" তিনি জানান, বাকি দুজনকে উদ্ধার করতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত জেলেদেরকে বৃহস্পতিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/২০৩০ ঘ.