চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় তিন পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর দামপাড়ায় সিআইডি কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করছেন।
এ তিন পুলিশ কর্মকর্তা হলেন- পুলিশ সুপারিনটেনডেন্ট আবদুল্লা হেল বাকী (ওএসডি), পুলিশ সুপারিনটেনডেন্ট মাহমুদুর রহমান (ওএসডি) এবং সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান।
২০০৪ সালের ১ এপ্রিল গভীর রাতে সংরক্ষিত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর জেটি ঘাটে অবৈধভাবে আনা দশ ট্রাক অস্ত্র খালাসের সময় আটক করা হয়।
ওই সময় আবদুল্লাহ হেল বাকী চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বন্দর), মাহমুদুর রহমান সহকারী কমিশনার (বন্দর) এবং আহাদুর রহমান কর্ণফুলী থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন।
সিআইডি চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপারিনডেন্ট ও মামলার তদারক কর্মকর্তা মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সন্ধ্যা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলতে পারে।"
তবে কী বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে ব্যাপারে কিছু বলতে রাজি হননি মোহাম্মদ মুসলিম।
নাম প্রকাশ না করার শর্তে সিআইডি'র এক কর্মকর্তা জানান, ১০ ট্রাক অস্ত্র খালাস করার সময়ে পুলিশ কর্মকর্তা বাকী ও মাহমুদুরের বিরুদ্ধে সিইএফএল ঘাটে উপস্থিত অপরিচিত পাঁচ ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
মামলার দুই সাক্ষী পুলিশ সার্জেন্ট আলাউদ্দীন ও হেলালউদ্দীন সিআইডি'র জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন।
অপরিচিত পাঁচ ব্যক্তির পরিচয় সনাক্ত করতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছিল বলে জানান ওই কর্মকর্তা।
এ মামলায় কয়েকদিন আগে বাংলাদেশ ক্যামিকেল ইন্ড্রাট্রিজ করপোরেশন (বিসিআইসি) এর সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামান ও সাবেক শিল্প সচিব নুরুল আমিনকে সিআইডি কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞসাবাদ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমএসবি/১৬২২ ঘ.
bdnews24