ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধামরাইয়ের বংশী নদীতে বুধবার গোসল করতে নেমে সলিমুল্লাহ মেডিকেল কলেজের এক ছাত্রের মর্মান্তিক মুত্যু হয়েছে।
মৃত আব্দুল আল মাহমুদ রুবেল ৩৩ তম ব্যাচের শিক্ষার্থী। একই ঘটনায় ৩৪ তম ব্যাচের মেরাজ খন্দকার রাজু নিখোঁজ রয়েছে।
ধামরাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. জহুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৩৩ ও ৩৪ তম ব্যাচের ৩২ জন শিক্ষার্থী গত ২৫ জুলাই সাত দিনের মাঠ পর্যায়ের প্রশিক্ষণে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এদের মধ্যে ২০-২২ জন ছাত্র বুধবার দুপুর দেড়টার দিকে পাশের বংশী নদীতে ২টি নৌকা নিয়ে ভ্রমণে বের হন। তাদের মধ্যে কয়েকজন হাজীপুর এলাকায় নদীতে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পরপর এলাকার লোকজন নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা চালায়। এক পর্যায়ে বিকেল পাঁচটার দিকে রুবেলের লাশ উদ্ধার করা হয়।
তিনি জানান, এলাকার লোকজন চেষ্টা করে বিফল হলে নিখোঁজ রাজুকে উদ্ধারের জন্য দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে দমকল বাহিনীর ডুবুরিরা এসে রাত নয়টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তার কোন সন্ধান পায়নি।
৩৩ তম ব্যাচের শিক্ষার্থীরা জানান, মৃত রুবেলের বাড়ি পিরোজপুর। তিনি কলেজের মেইন হোস্টেলের ৪০০১ নম্বর কক্ষে থাকতেন। নিখোঁজ রাজুর বাড়ি জয়পুরহাট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24