ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে (এসএসপি) আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে বিশ্বব্যাংক।
চলতি অর্থবছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে।
বুধবার বাংলাদেশে বিশ্বব্যাংকের অন্তবর্তীকালীন আবাসিক প্রতিনিধি রবার্ট এল ফ্লয়েড সচিবালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন।
বিশ্বব্যাংক প্রতিনিধি দারিদ্র্যপ্রবণ অঞ্চলকে গুরুত্ব দিয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, মহিলাদের অংশগ্রহণ বৃদ্ধি, ব্যাংকের মাধ্যমে শ্রমিকদের অর্থ পরিশোধ এবং পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদারের পরামর্শ দেন।
সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অর্থ বরাদ্দ দিতে বিশ্বব্যাংক প্রস্তুত জানিয়ে রবার্ট এল ফ্লয়েড বলেন, কয়েকদিন আগে দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় এলাকার জন্য দীর্ঘমেয়াদী ও টেকসই ব্যবস্থা গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। এর আলোকে সহায়তা দিতে বিশ্বব্যাংক ইআরডির সঙ্গে চুক্তি করছে।
খাদ্যমন্ত্রী বলেন, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়নে নতুন দিকনির্দেশনা তৈরি করা হয়েছে। এ নির্দেশনায় সুনির্দিষ্ট প্রকল্প গ্রহণ ও পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত অর্থবছরে বাস্তবায়িত ১০০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে যেসব অনিয়ম ও ত্র"টি ছিলো নতুন কর্মসূচিতে তা দূর করা হয়েছে।
বৈঠকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্মসচিব আব্দুল ওয়াজেদ, বিশ্বব্যাংকের মানব সম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ কাইসার খান, সামাজিক নিরাপত্তা বিশেষজ্ঞ মৈত্রী দাস এবং সামাজিক নিরাপত্তা বিষয়ক অর্থনীতিবিদ শেখ আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএনএস/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24