নীলফামারী, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নেমে আসা পানিতে নীলফামারীর তিস্তা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার রাত ৮টার দিকে এ নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তা ব্যারেজের উজানে ডিমলা উপজেলার তিনটি ইউনিয়নের বন্যা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, "রাত ৮টা থেকে পানি বৃদ্ধি পেয়ে তিস্তা ব্যারাজের উজানে ডিমলা উপজেলার গয়াবাড়ি, পূর্ব ছাতনাই, খালিশা চাপানী ইউনিয়নের ৯টি গ্রামের কমপক্ষে এক হাজার পরিবারের বাড়িতে হাঁটু পরিমাণ পানি উঠেছে।
"পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব এলাকার পানিবন্দী লোকজন ঘরবাড়ি ছেড়ে স্থানীয় বাঁধ, স্কুল ও কলেজসহ বিভিন্ন উঁচু এলাকায় আশ্রয় নিয়েছে।"
আতিকুর রহমান আরও বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি তিস্তা নদীতে সাধারণত ৫ থেকে ৮ ঘণ্টা স্থায়ী হয়। আজকের (বুধবার) পানি ভোরবেলায় নেমে যেতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24