২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণা ২-৩ টাকা কেজি, ১০-১২ টাকা কেজি বুটের ডাল

বুধবারও রাজধানীর অন্যতম চালের আড়ত মোহাম্মদপুর কৃষি মার্কেটে বৃষ্টির পানিতে ভিজে যাওয়া চাল-ডাল অভাবনীয় কম দামে বিক্রি হয়েছে। নিম্ন আয়ের অগণিত মানুষ এই চাল ও ডাল কিনে নিয়ে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 04:32 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবারও রাজধানীর অন্যতম চালের আড়ত মোহাম্মদপুর কৃষি মার্কেটে বৃষ্টির পানিতে ভিজে যাওয়া চাল-ডাল অভাবনীয় কম দামে বিক্রি হয়েছে। নিম্ন আয়ের অগণিত মানুষ এই চাল ও ডাল কিনে নিয়ে যাচ্ছেন। সোমবার রাতভর বৃষ্টির কারণে এই মার্কেটে বুক সমান পানি উঠে। ফলে অধিকাংশ দোকানে পানি ঢুকে শত শত টন চাল এবং ডালের বস্তা ভিজে যায়। মঙ্গলবার যে স্বর্ণা চালের বস্তা (৮৫ কেজি) ৩০০ টাকায় বিক্রি হয়েছে তা বুধবার ১শ' টাকায় বিক্রি হয়। কোনো কোনো বস্তা ২০০ টাকায়ও বিক্রি হয়েছে। আর খুচরা হিসেবে এই চাল ২-৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বুটের ডাল বিক্রি হয় ১০ থেকে ১২ টাকা কেজি দরে। বুধবার কৃষি মার্কেট ঘুরে দেখা যায়, প্রতিটি দোকানে ভেজা চালের বস্তা সারি সারি করে সাজিয়ে রাখা। কোনো কোনা বস্তা থেকে পচাঁ গন্ধ বের হচ্ছে। ব্যবসায়ী শাহরিয়ার জানান, ভেজা চাল-ডালের বস্তাগুলো তারা আলাদা করে ক্ষতির পরিমাণ হিসাব করছেন। ভেজা বস্তাগুলোর একটি অংশ মার্কেটের শ্রমিকদের বিনামূল্যে দিয়ে দিয়েছেন। তারা সেগুলো বিক্রি করছে। আলমগীর হোসেন নামে অপর এক ব্যবসায়ী বলেন, তাদের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি,ব্যাংকার, অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মার্কেটে এসে অবস্থা দেখে গেছেন। তারা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি জানান, মোট ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। বৃহস্পতিবারের মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ক্রেতা রেহেনা বেগম বলেন, গরু এবং মাছের খাবারের জন্য ভেজা চালের বস্তা কিনে নিয়ে যাচ্ছেন তিনি। অপর ক্রেতা কিশোর রহিম জানায়, ভেজা বুটের ডাল কিনে ফুটপাতের হোটেলে বিক্রি করে গত দুই দিনে ১১০ টাকা রোজগার হয়েছে তার। হোটেল গুলো এই ডাল দিয়ে বড়া বানিয়ে বা তরকারি বানিয়ে বিক্রি করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এলএইচ/এইচএ/২২৩০ ঘ.