২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ পর্যায়ের প্রশাসনকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে বললেন রাষ্ট্রপতি

সরকার ঘোষিত কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে মাঠ পর্যায়ের প্রশাসনকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বুধবার বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেওয়া বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি এই আহবান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 03:43 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঘোষিত কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে মাঠ পর্যায়ের প্রশাসনকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। বুধবার বঙ্গভবনে জেলা প্রশাসক সম্মেলনে অংশ নেওয়া বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের উদ্দেশে তিনি এই আহবান জানান। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনদিনের জেলা প্রশাসক সম্মেলন বৃহস্পতিবার শেষ হচ্ছে। রাষ্ট্রপতি বলেন, ''দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ব্যাপকভাবে জনপ্রশাসনের দক্ষতার ওপর নির্ভর করে। সরকার ঘোষিত কার্যক্রম দ্রুততার সঙ্গে বাস্তবায়নে পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। দায়িত্ব পালনে যেমন শৈথিল্যের সুযোগ নেই, তেমনি পক্ষপাতমূলক আচরণেরও অবকাশ নেই।'' তিনি বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতার কোনো বিকল্প নেই। প্রশাসনসহ প্রতিটি ক্ষেত্রে আমাদের আর্ন্তজাতিক মান অর্জন করতে হবে। সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়া ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসন সরাসরি সম্পৃক্ত বলে তাদের তথ্য প্রযুক্তি জ্ঞানসহ জাতীয় ও আর্ন্তজাতিক বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। অর্জন করতে হবে উঁচু পেশাদারিত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত 'ভিশন-২০২১' লক্ষ্য অর্জনে জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে জিল্লুর রহমান আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি আর্থ-সামাজিক উন্নয়ন ও সরকারের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসকদের আন্তরিকভাবে চেষ্টা করতে বলেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৫০ ঘ.