কুষ্টিয়া, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ ও হত্যা মামলায় কুষ্টিয়ায় একজনের ফাঁসি এবং আরেকজনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আকবর হোসেন মৃধা বুধবার এ রায় দেন।
আসামিরা হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত মিলন আলি (২০) এবং ১৪ বছর কারাদণ্ডপ্রাপ্ত হানিফ (১৫)। দু'জনেরই বাড়ি দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামে।
হানিফকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ টাকা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ২৫ জানুয়ারি দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে সিমা ঘাস কাটতে মাঠে গেলে মিলন ও হানিফ একটি আখ ক্ষেতে নিয়ে ধর্ষণের পর সিমাকে হত্যা করে।
ওইদিনই সিমার বাবা আনোয়ারুল ইসলাম মিলন ও হানিফকে আসামি করে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৫৫ ঘ.
bdnews24