ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে যাতে কোনও জঙ্গি সংগঠন বা মৌলবাদের বিস্তার অথবা পৃষ্ঠপোষকতা না হয়, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।
এনজিও নিবন্ধন এবং তাদের কার্যক্রম তদারকিতে সমন্বিত একটি প্রতিষ্ঠান গড়ে তোলার কথাও জানিয়েছেন তিনি।
জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার জেলা পর্যায়ের নির্বাহী প্রধানদের সঙ্গে বৈঠক করেন সমাজকল্যাণমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হয়।
এনামুল হক সাংবাদিকদের বলেন, "এনজিও'র নামে যাতে কোনও ভাঁওতাবাজি, দুর্নীতি বা অনিয়ম না হয়, সে জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনজিওগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণে সব এনজিওকে এক ছাতার নিচে আনা হবে। নামসর্বস্ব এনজিওগুলোকে নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।"
বর্তমানে সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমবায় অধিদপ্তর ও জয়েন্ট স্টক কোম্পানি পৃথকভাবে এনজিওদের নিবন্ধন দিচ্ছে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, "এ সব প্রতিষ্ঠানের পরিবর্তে 'সামাজিক নিরাপত্তা কাউন্সিল' নামে একটি প্রতিষ্ঠান করা হবে। এর মাধ্যমে ভবিষ্যতে এনজিওগুলোর নিবন্ধন, মনিটরিং (তদারকি) ও প্রয়োজনে নিবন্ধন বাতিল করার উদ্যোগ নেওয়া হবে।
"ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের নামে আসা অর্থের অপচয় বা অপব্যবহার যাতে না হয়, সেজন্য বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষকেও এ কার্যক্রমে সম্পৃক্ত করা হবে।"
নামসর্বস্ব এনজিওগুলোর তালিকা তৈরিতে একটি কমিটি করেছে সরকার।
এর অগ্রগতির খবর জানতে চাইলে এনামুল হক বলেন, "অনুসন্ধান ও তদন্ত শেষে একটি তালিকা তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা শিগগিরই একটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দেবে। এরপরই সরকার ব্যবস্থা নেবে।"
তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন মঙ্গলবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গত ৬ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসকদের নিয়ে প্রধানমন্ত্রী একাধিক বৈঠক করলেও আনুষ্ঠানিক সম্মেলন এটিই প্রথম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24