ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা ওয়াসার নিষ্কাশন লাইনের কারণেই সচিবালয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৃষ্টির পানি আটকা পড়ায় জনপ্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে সৃষ্ট জলাবদ্ধতায় মঙ্গলবার কর্মকর্তা-কর্মচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত সচিবালয়ের বিভিন্ন স্থানে হাটু সমান পানি জমে থাকায় স্বাভাবিক কর্মকান্ডও ব্যাহত হয়।
সচিবালয়ের ভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা ইডেন ভবন পূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, "সচিবালয়ের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় তেমন কোন সমস্যা না থাকলেও ঢাকা ওয়াসার নিষ্কাশন লাইনের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।"
গণপূর্ত বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইয়ামিন বখতও একই মত পোষণ করেছেন।
এ বিষয়ে দ্বিমত পোষণ করে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি- আরপিডি) লিয়াকত আলী বলেন, "গতরাতে (সোমবার) মাত্র ১২ ঘন্টায় যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশংকা ছিল। কিন্তু ওয়াসার কর্মীদের প্রাণান্তকর প্রচেষ্টা ও বিভিন্ন পয়েন্টে পাম্প বসিয়ে পানি বের করে দেওয়ায় পরিস্থিতি সামল দেওয়া সম্ভব হয়েছে।"
তিনি জানান, আশেপাশের এলাকাগুলোর চেয়ে সচিবালয় অপেক্ষাকৃত নিচু। তাই কাছাকাছি উঁচু এলাকার পানিও সচিবালয়ে প্রবেশ করে।
ইয়ামিন বখত ও মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সচিবালয় থেকে পানি বেরিয়ে যাওয়ার জন্য সাতটি আউটলেট থেকে বাড়িয়ে ১১টিতে উন্নীত করা হয়েছে।
কর্মকর্তা ও কর্মচারিদের অভিযোগ, সামান্য একটু বৃষ্টি হলেই সচিবালয়ের সর্বত্র পানিতে ডুবে যায়। এমনকি বিভিন্ন ভবনের ভেতরেও পানি ঢুকে পড়ে সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হচ্ছে। বিভিন্ন ভবনের লিফট রুমে পানি ঢুকে লিফট চলাচল ব্যাহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/২১৪৬ ঘ.
bdnews24