ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা গ্রামের নলখোলা সেতুর কাছ থেকে মঙ্গলবার সকালে এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ধারণা করছে, চালক তাবিবুল ইসলামকে হত্যা করে ছিনতাইকারীরা মাইক্রোবাসটি নিয়ে গেছে।
এদিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীর থেকে মঙ্গলবার দুপুরে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও কুষ্টিয়া প্রতিনিধির পাঠানো খবর:
কুষ্টিয়া: তাবিবুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা গ্রামের বাসিন্দা।
তাবিবুলের পরিবারের সদস্যদের বরাত দিয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার বাবুল উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় মাইক্রোবাস নিয়ে তাবিবুল বাড়ি থেকে বের হয়ে রাতে ফেরেননি। মঙ্গলবার সকালে আইলচারা গ্রামের নলখোলা সেতুর পাশ থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চট্টগ্রাম: মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বন্দর ও ডবলমুরিং থানা পুলিশ কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট থেকে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
লাশটি সোমবার রাতে নৌকাডুবিতে নিখোঁজ কারও লাশ নয় বলে পুলিশ জানিয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধারকৃত লাশটি ক্ষতবিক্ষত ও গলিত ছিল। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমইউএস/এমএসবি/১৮৩৬ ঘ.
bdnews24