নওগাঁ, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁয় র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সোমবার রাতে দুই চরমপন্থী নিহত হয়েছে। নিহতরা নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকা) নেতা।
তারা হলেন- জাহাঙ্গীর হোসেন ওরফে জালাল (৩৭) এবং আব্দুস সালাম ওরফে তপু (৩৬)।
জাহাঙ্গীর রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি গ্রামের লবা প্রামাণিকের ছেলে। সালামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার সদুপুর গ্রামে।
নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোফাজ্জেল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সাড়ে ৩টায় আত্রাই উপজেলার মহাদীঘি গ্রামের বান্নিতলায় ওই বন্দুকযুদ্ধ হয়।
তিনি বলেন, "বৈঠকরত চরমপন্থীদের ধরতে র্যাব-৫ এবং পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। ওই সময় চরমপন্থীরা গুলি ছুড়লে নিরাপত্তা রক্ষীরাও পাল্টা গুলি চালায়।"
পুলিশ কর্মকর্তা মোফাজ্জেল বলেন, "দুই পক্ষের বন্দুকযুদ্ধের এক পর্যায়ে চরমপন্থীরা পালিয়ে যায়। তখন সেখানে জাহাঙ্গীর ও সালামের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।"
ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও একটি শাটার গান উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার জানান, জাহাঙ্গীর তাহেরপুরের অস্ত্র লুট ও পুলিশ হত্যা মামলার এক নাম্বার আসামি। তার বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় হত্যা, লুট ও চাঁদাবাজিসহ প্রায় ৩০টি মামলা হয়েছে।
তপুর বিরুদ্ধে আত্রাই থানায় আওয়ামী লীগ নেতা রাজা ও অরুণ, নওগাঁ সদর থানায় ছাত্রদল নেতা সুভাষ হত্যাসহ বিভিন্ন থানায় ১৫টির বেশি মামলা রয়েছে বলেও জানান মোফাজ্জেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24