গোলাম মর্তুজা অন্তু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শ্রাবণের মাঝামাঝিতে এসে চেনা রূপে ধরা দিয়েছে বর্ষা। আমন বুনতে এর প্রতীক্ষায় ছিল কৃষককূল। তবে এ বৃষ্টি নগর জীবন অচল করে আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে রাজধানীর পানি নিষ্কাশন ব্যবস্থার সমস্যার দিকটি।
সোমবার রাত থেকে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে রাজধানীর বিভিন্ন স্থানে কোমর সমান পানি জমিয়েছে। এ জন্য মঙ্গলবার বিভিন্ন অফিস-আদালতসহ পুঁজিবাজারেও কার্যক্রম ব্যাহত হচ্ছে। বন্ধ ঢাকার বিভিন্ন স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একটানা বৃষ্টির ফলে পানি জমেছে রাস্তায়। নিচু এলাকায় ঘরে, দোকানেও পানি ঢুকেছে।
পানিতে বিকল হয়ে মহানগরের বিভিন্ন রাস্তায় বিকল হয়ে দাঁড়িয়ে পড়েছে অনেক গাড়ি। ফলে কোনও কোনও পয়েন্টে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।
রাজধানীর বাসাবো, মুগদা, মেরাদিয়া, পুরনো ঢাকার বিভিন্ন এলাকা, মগবাজার, মৌচাক, মোহাম্মদপুর, শান্তিনগর, মিরপুরসহ পুরো রাজধানীর নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়েছে। অনেক এলাকায় রাজপথে চলছে নৌকা।
শান্তিনগর এলাকার হাশেম আলী (হাশু মিয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার দোকানে পানি ঢুকেছে। বেশিরভাগ জিনিসপত্র ওপরে তোলা হয়েছে। কিন্তু তার আগেই পানি ঢুকে চালসহ কিছু জিনিস নষ্ট হয়েছে। ফ্রিজে পানি ঢুকেছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেট ভাসছে পানির ওপর। তবে পানি ঢুকেছে অল্প কয়েকটি দোকানে। গিয়ে দেখা গেল দোকানের জিনিসপত্র পানি থেকে বাঁচাতে ওপরে তুলছেন ব্যাবসায়ীরা।
রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কাজ তদারক করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। তিনি মঙ্গলবার সকালে সাংবাদিকদের বলেন, "পানি দ্রুত নামছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে অনেক এলাকা থেকে পানি নেমে যাবে।"
ঢাকা শহরে ২৫০টি পাম্প জলাবদ্ধতা নিরসনে কাজ করছে বলে প্রতিমন্ত্রী জানান।
বৈরী আবহাওয়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে সকাল ১১টায় শুরু হয়। লেনদেন ২টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ডিএসইর জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম। ডিএসইর নিচের তলায় পানি উঠেছে। রাজধানীর কর্মব্যস্ত মতিঝিল রয়েছে কোমর সমান পানির নিচে।
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করেছে বলে বেসরকারি টেলিভিশনগুলোর খবরে বলা হয়। এছাড়া অনেক স্কুল বন্ধ রয়েছে।
এনটিভির খবরে বলা হয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন মারা গেছে মতিঝিলের আরামবাগে। দুইজন দুইজন এবং ডেমরায় একজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি প্রদীপ চৌধুরী সচিবালয় থেকে জানান, সেখানে হাঁটু সমান পানি জমেছে।
ধানমণ্ডির আসাদ গেট এলাকা কোমরসমান পানির নিচে। সোবহানবাগে বেশ কয়েকটি ট্রাক রাস্তার ওপর বিকল হয়ে পড়ে আছে। কর্তব্যরত একজন পুলিশ সদস্য বলেন, এগুলো সরিয়ে নিতে রেকারও আসতে পারছে না।
মিরপুরের শ্যাওড়া পাড়া, কাজীপাড়া, ১০ নম্বর এলাকা হাঁটু পানিতে তলিয়ে আছে।
মিরপুরের কল্যাণপুর থেকে কলেজ গেট পর্যন্ত এলাকার মূল সড়কে পানি নেই। তবে সেখানে রয়েছে তীব্র যানজট।
আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার জাহিদ হোসেন মঙ্গলবার সকালে জানান, উপকূলীয় খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম এলাকায় অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে দু' নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত এবং সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ৩৩৩ মিলিমিটার। আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া কর্মকর্তা সানাউল হক জানান, উত্তর বঙ্গোপসাগরে একটা লঘুচাপ ছিল। সেটা আরও উত্তরে এসে মৌসুমী অক্ষের সাথে মিলিত হয়ে স্থলভাগে এসে বৃষ্টি ঘটাচ্ছে। সারাদেশেই কমবেশি বৃষ্টি হলেও বেশিরভাগ বৃষ্টি হয়েছে ঢাকা ও এর আশেপাশের এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১২৩৪ ঘ.
bdnews24