ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া টানা বর্ষণে রাজধানীর বেশিরভাগ রাস্তা এবং গলিপথ পানিতে তলিয়ে যায়।
দীর্ঘ প্রতীক্ষার পর আসা শ্রাবণের অঝোর বৃষ্টি স্বস্তি না হয়ে উল্টো নগরবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
রাত নয়টার দিকে শুরু হওয়া বৃষ্টি মধ্যরাতে সামান্য কয়েক মিনিটের বিরতি দিয়ে অবিশ্রান্তভাবে ঝরতেই থাকে।
আবহাওয়া দপ্তর বলেছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবেই এ রকম প্রবল বর্ষণ হয়।
পর্যাপ্ত জলনিস্কাশন ব্যবস্থা না থাকায় রাজধানীর অধিকাংশ এলাকাতেই জলাবদ্ধতা তৈরি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সায়েদুল ইসলাম তালাত রাত দেড়টায় রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক মীরপুর রোড, বিজয় সরণি, শান্তিনগর, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, ধানমন্ডি ও লালমাটিয়া এলাকার সড়কগুলো হাঁটু থেকে কোমর পানিতে ডুবে থাকতে দেখেন। এসব সড়কে কিছুদূর পরপরই ব্যক্তিগত গাড়ি, অটোরিক্সাসহ বিভিন্ন যান নষ্ট হয়ে পড়ে থাকতে দেখা যায়।
সিএনজি অটোরিক্সা চালক জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
মীরপুর থেকে ধানমন্ডি ২৭ নম্বরে আসার পথে সাইলেন্সার পাইপে পানি ঢুকে পাঁচবার তার অটোরিক্সা বিকল হয়।
সন্ধ্যার পর বাড়ি ফেরার অপেক্ষায় থাকা মানুষ পড়েন ভোগান্তিতে। যানবাহন সঙ্কটে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করে শেষমেষ অনেকে হেঁটেই গন্তব্যে রওনা দেন।
একটানা বর্ষণে রাজধানীর মীরপুর, হাজারীবাগ, জিগাতলা ও কল্যাণপুরসহ অপেক্ষাকৃত নিচু এলাকার বাসাগুলোর নীচতলাতে পানি উঠে পড়ে। অনেকেই ঘরের পানি সেঁচতে ব্যস্ত ছিলেন।
পূর্ব শ্যাওড়াপাড়ার ৮৪২ নাম্বার বাড়ির নিচ তলার বাসিন্দা রওশন আরা রাত তিনটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘরে পানির উচ্চতা তিন ফুটে দাঁড়িয়েছে। কিন্তু বৃষ্টির যা বেগ দেখছি তাতে পানি আরও বাড়লে ঘর ছেড়ে কই আশ্রয় নেবো তা চিন্তা করছি।"
বাড়িটির মালিক বিলকিস আক্তার জানান, তিনি জিনিসপত্র কিছু সরালেও ফ্রিজটা সরাতে পারেনি। এর অর্ধেকটা পানিতেই ডুবে আছে।
ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা সানাউল হক রাত সাড়ে তিনটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় লঘুচাপের সৃষ্টি হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবল রয়েছে।
তিনি বলেন, লঘুচাপটি ক্রমে উত্তর দিকে স্থলভাগে সরে আসছে। এর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে।
এর আগে রাতে আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং উত্তর বঙ্গোপসাগর ও উপকুলীয় এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/০৪০৩ঘ.
bdnews24