ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপ-পরিদর্শক নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর কমানোর সুপারিশ করেছে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপ-কমিটি।
পুলিশ বিভাগের আধুনিকীকরণের উপায় খুঁজে বের করতে গঠিত সংসদীয় উপ-কমিটি সোমবার জাতীয় সংসদ ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে।
কমিটির চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু জানান, কমিটি উপ-পরিদর্শক নিয়োগ মৌখিক পরীক্ষার নম্বর ১০০ এর পরিবর্তে ৫০ করার সুপারিশ করবে।
মৌখিক পরীক্ষায় বেশি নম্বর থাকলে কারচুপি ও রাজনৈতিক হস্তক্ষেপের মাত্রা বেড়ে যায় বলেও মনে করেন তিনি।
মুজিবুল হক বলেন, "এসব কারণ বিবেচনা করে আমরা স্থায়ী কমিটির কাছে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ এর পরিবর্তে ৫০ করার সুপারিশ করবো।"
এছাড়া এই নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও কারচুপি বন্ধে তারা মতামত দেবেন বলেও জানান তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গত মাসে তিন সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করে।
কমিটির অন্য দুই সদস্য হলেন- আওয়ামী লীগ সাংসদ নূরুল ইসলাম ও সফিকুল ইসলাম।
পুলিশ বিভাগকে আধুনিক করার উপায় বের করতে এ কমিটি গঠন করা হয়। কমিটি স্থায়ী কমিটির কাছে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেবে।
পুলিশের উপ পরিদর্শক পদে আবেদনকারীরা বাংলা, ইংরেজিসহ অন্য বিষয়ে পরীক্ষা দিয়ে থাকেন। এছাড়া ২৫ নম্বরের মনস্তাত্ত্বিক পরীক্ষায়ও তাদের অংশগ্রহণ আবশ্যিক। এতে উত্তীর্ণরা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/এসকে/২৩৫৮ঘ.
bdnews24