ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিদিন সকালে মোটরবাইক নিয়ে বাড়ি থেকে বের হন প্রদীপ চৌধুরী। কোনও কারণে বাইক না নিয়ে বের হলে বাহন করতেন রিকশাকে। কিন্তু অঝোর বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীতে মঙ্গলবার তাকে সওয়ার হতে হয়েছে নৌকায়। ঢাকার সড়কে নৌকায় চড়তে হবে এটা ভাবনাতেও আসেনি, বললেন প্রদীপ।
সাংবাদিক প্রদীপ নৌকা, রিকশা ও বাসে চেপে শেষ পর্যন্ত এক ঘণ্টার পথ সাড়ে তিন ঘণ্টায় পেরিয়ে মিরপুর আনসার ক্যাম্প থেকে সচিবালয়ে পৌঁছেছেন। তিনি থাকেন মধ্য পাইকপাড়ায়।
সাগরে লঘুচাপের প্রভাবে সোমবার রাত থেকে শুরু হওয়া অব্যাহত বর্ষণে রাজধানীতে সৃষ্ট জলাবদ্ধতায় প্রদীপের মতো প্রচণ্ড নাকাল হতে হয়েছে নগরবাসীকে। মানুষের বাড়িতে দোকানে পানি ঢুকেছে। কোনও কোনও রাস্তায় কোমর পানি।
প্রদীপ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাসার সামনের রাস্তায় ৪ ফুট পানি। সকালে বেরিয়ে দেখি, সেখানে নৌকা চলছে। আরও চারজনের সঙ্গে এরকম একটি নৌকায় চড়ি। আনসার ক্যাম্পে নিতে ভাড়া নিল ১০ টাকা।"
তারপরও ভোগান্তির শেষ ছিল না প্রদীপের।
তিনি বলেন, "সাড়ে ৯টার দিকে আনসার ক্যাম্প বাসস্ট্যান্ডে গিয়ে দেখি, প্রচুর মানুষ কোনও গাড়ি নেই। মিরপুর ১০ নম্বর হয়ে রোকেয়া স্মরণী সড়কে পানি থাকায় ওই রুটের কিছু বাস এদিক দিয়ে চলছিল। কিন্তু সেগুলোতে তিল ধারণের জায়গা ছিল না। গাড়ি পাওয়ার আশা ছেড়ে দিয়ে অনেকে হাঁটছিলেন। আমিও হাঁটা শুরু করলাম।
"টেকনিক্যাল মোড়ে এসে একটি বাসের পাদানিতে কোনও রকমে বাদুড়ঝোলা হয়ে ঝুলে পড়লাম। সেই বাসটিই প্রায় আড়াই ঘণ্টা চলার পর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব পৌঁছে।"
পশ্চিম শ্যাওড়াপাড়ার একটি বাসার নিচতলার বাসিন্দা রিয়াজুল বাশার জানান, ভোর ৫টার দিকে ঘুম ভেঙেই দেখেন তার মেঝেতে পাতানো জাজিম-তোশক পানিতে ভিজে গেছে প্রায়।
তিনি বলেন, "এর মধ্যে মেঝেতে পা দিয়েই বুঝলাম, ঘরে পানি ঢুকেছে। দরজা খুলতেই আরও পানি আসতে শুরু করে। দ্রুততার সঙ্গে জিনিসপত্র সব খাটের ওপর তুলে ফেলি। কিন্তু এর মধ্যেও জাজিম, মেঝেতে রাখা ট্রাংক, চালের বস্তা, ব্যাগে রাখা বই সব ভিজে গেছে।"
তিনি বলেন, "সকাল ৭টার দিকে দোকানে যাওয়া জন্য রাস্তায় নেমে দেখি প্রায় কোমর পানি। প্যান্ট গুটিয়েও রক্ষা পাওয়া যায়নি।"
রিয়াজুল বাশারের মতো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন মধ্য পাইকপাড়ার আরেক বাসিন্দা ঝুমা চৌধুরীও।
রাজধানীর আদাবরের আবুল হোসেন জানান, ঢালু হওয়ায় রাজধানীর অন্যদিকে পানি সরে আদাবরে আসছে। সেখানে প্রায় সর্বত্র কোমর পর্যন্ত পানি। নিম্ন আয়ের মানুষরা ঘরবাড়ি ছেড়ে নির্মাণাধীন বিভিন্ন বাড়িতে উঠছে।
তিনি জানান, হাজার হাজার নিম্ন মানুষের জন্য জরুরী ত্রান না দিলে অনেককেই না খেয়ে থাকতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১৪৩৭ ঘ.
bdnews24