২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আধুনিক পদ্ধতিতে সার ব্যবহার পরামর্শ কার্যক্রম চালু

মাটির উর্বরতা ও মান অনুযায়ী আধুনিক পদ্ধতিতে কৃষকদের কাছে প্রয়োজনীয় সার ব্যবহারের পরামর্শ পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 06:18 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাটির উর্বরতা ও মান অনুযায়ী আধুনিক পদ্ধতিতে কৃষকদের কাছে প্রয়োজনীয় সার ব্যবহারের পরামর্শ পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট। সোমবার পরীক্ষামূলকভাবে দেশের ৩০টি উপজেলায় নতুন এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে ইন্সটিটিউটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, মোবাইলফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংক তাদের তথ্যপ্রযুক্তি নির্ভর 'প্লাটফর্মের' মাধ্যমে সার বিষয়ক পরামর্শ তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেবে। গ্রামীণফোনের 'জিপিআইসি' (গ্রামীণফোন সামাজিক তথ্য কেন্দ্র) এবং 'বাংলালিংক জিজ্ঞাসা ৭৬৭৬' এক্ষেত্রে চ্যানেল হিসেবে কাজ করবে। কৃষকরা এ দুটির যেকোনটি ব্যবহার করে পাঁচটি মৌলিক তথ্য পাঠিয়ে সারের ব্যাপারে পরামর্শ নিতে পারবেন। তথ্যগুলো হলো ফসলের নাম, জমির ধরন, ইউনিয়ন, উপজেলা ও জেলার নাম। এ কার্যক্রমের অংশ হিসেবে বাজার উন্নয়ন প্রকল্প 'ক্যাটালিস্ট' এর সহযোগিতায় দেশের ৪৫৯ টি উপজেলার তথ্য নিয়ে একটি তথ্যভাণ্ডার গড়ে তোলা হয়েছে। সারাদেশে এ পদ্ধতি ব্যবহারের ফলে বার্ষিক খাদ্যশস্যের উৎপাদন ২ কোটি থেকে বেড়ে ২ কোটি ৪০ লাখ টনে দাঁড়াবে বলে নতুন এ কার্যক্রম উদ্বোধনের পর আশা প্রকাশ করেন কৃষি সচিব সি কিউ কে মুসতাক আহমদ। কৃষি সচিব বলেন, তথ্য বিতরণের এ কার্যক্রম উৎপাদন খরচও কমাবে। নতুন এ পদ্ধতিতে সার ব্যবহার করলে ধানের উৎপাদন শতকরা ২০ থেকে ২৫ ভাগ এবং অন্যান্য ফসলের উৎপাদন ১০ থেকে ১৫ ভাগ বাড়ানো সম্ভব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএনএস/এসকে/২৩৫৫ঘ.