২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হবে: খাদ্যমন্ত্রী

শিগগির ভেজাল বিরোধী অভিযান শুরু করার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বিষাক্ত রাসায়নিকমুক্ত খাদ্য উৎপাদনের আহ্বান জানিয়েছেন। রোববার রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 01:36 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিগগির ভেজাল বিরোধী অভিযান শুরু করার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বিষাক্ত রাসায়নিকমুক্ত খাদ্য উৎপাদনের আহ্বান জানিয়েছেন। রোববার রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খাদ্যমন্ত্রী এসময় বলেন, বিষমুক্ত সবজি উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা হবে। বিষাক্ত রাসায়নিকমুক্ত খাদ্য সামগ্রী উৎপাদন এবং বিপণনকারী প্রতিষ্ঠান 'বাংলাদেশ সেফ অ্যাগ্রো ফুড এফোর্টস (বি- সেফ) ফাউন্ডেশনের আত্মপ্রকাশ উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, "এমনিতেই আমরা পরিবেশকে স্বাভাবিক রাখতে পারছি না। জলবায়ুর পরিবর্তনের পাশাপাশি বিষাক্ত কীটনাশক ব্যবহার করে আমরা নিজেরাই পরিবেশকে হুমকির মুখে ফেলে দিচ্ছি। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।" বি- সেফ সভাপতি ড. জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত এফএও প্রতিনিধি অ্যাড স্পাইকার্স, বার্কের নির্বাহী চেয়ারম্যন ড. ওয়ায়েস কবীর, কৃষক প্রতিনিধি আব্দুল আলীম, আইয়ুব হোসেন ও সাধারণ সম্পাদক ড. এম আব্দুল মমিন। আব্দুর রাজ্জাক বলেন, "দেশে খাদ্য রক্ষণাবেক্ষণে ফরমালিন ব্যবহার হচ্ছে যা মানব দেহের জন্য ক্ষতিকর। ফরমালিন বা রাসায়নিক দ্রব্যসহ ফল বা সবজি বিক্রি বন্ধে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।" ভেজাল ও বিষাক্ত খাদ্য বিক্রেতার বিরুদ্ধে সরকার শিগগিরই অভিযান শুরু করবে- এমন কথা জানিয়ে মন্ত্রী বলেন, "মন্ত্রিপরিষদ ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।" খাদ্যে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে মাঝে মাঝে অভিযান চললেও আইনের ফাঁক, ক্রেতা ও বিক্রেতা উভয়ের মধ্যে সচেতনতার অভাব ও শাস্তির মাত্রা কম হওয়াসহ বিভিন্ন কারণে এ অপকর্ম বন্ধ হচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৯৪৬ঘ.