২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে শনিবার রাতে বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম নেফাজুল ইসলাম (২৬)। বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে তিনি মারা যান বলে পুলিশ দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 08:48 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে শনিবার রাতে বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম নেফাজুল ইসলাম (২৬)। বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে তিনি মারা যান বলে পুলিশ দাবি করেছে। সদর উপজেলার বাগডাঙ্গা-নামোপাড়া এলাকায় নেফাজুলের ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নেফাজুল তার সঙ্গীদের নিয়ে বাড়িতে বোমা তৈরি করছিল। রাত সাড়ে ১০টার দিকে বোমার বিস্ফোরণ ঘটলে নেফাজুল ঘটনাস্থলেই মারা যায়।" নেফাজুল সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা-নামোপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। বিস্ফোরণে একই এলাকার আমিনুল ইসলাম রাঙ্গা (২৫) ও সুমন (২২) আহত হয়েছে জানিয়ে ওসি বলেন, তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে ওই গ্রামের আসলাম (৩০), ওমর আলী (৩০) ও রেজাবুলকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এমআই/১৪৫৫ ঘ.