কিশোরগঞ্জ, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোনের সঙ্গে হাসপাতালে থাকা অবস্থায় ধর্ষিত হয়েছে এক স্কুলশিশু। শনিবার রাতে এ ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জ সদর হাসপাতালে। ধর্ষিতর পরিবার থানায় মামলা করেছে। তবে ধর্ষণকারী পালিয়ে গেছে।
শিশু ধর্ষণের ঘটনায় মামলার কথা জানিয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ধর্ষিত ১২ বছর বয়সি ওই শিশু একটি বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। তার বড় বোন তিন দিন আগে একটি শিশুর জন্ম দিয়েছেন। বোনের দেখাশোনার জন্য সে হাসপাতালে আসে।
ধর্ষণকারীর পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে সে হাসপাতালের কেউ নয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবার রাতে ধর্ষণের ওই ঘটনা শুনে সিভিল সার্জন ডা. আব্দুল হক হাসপাতালে যান। চিকিৎসকরা ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশে খবর দেয়।
এরপর রাতেই কিশোরগঞ্জ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী রহমতউল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল হাসপাতালে যায়।
ধর্ষিতর ভাই বাদি হয়ে অজ্ঞাতনামা এক যুবককে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, হাসপাতালে আসার পর থেকেই অজ্ঞাত এক ব্যক্তি শিশুটির সঙ্গে ভাব জমায়। শনিবার রাত ৮টার দিকে ওই ব্যক্তি শিশুটিকে হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে প্রশাসনিক ভবনে নিয়ে যায়। সেখানে একটি বাথরুমে তাকে ধর্ষণ করা হয়। ধর্ষিত শিশু ঘটনাটি তার চিকিৎসাধীন বোনকে জানালে তিনি চিকিৎসকদের জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩০৬ ঘ.
bdnews24