চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ-ধাইনগর সড়কের হরিপুর এলাকায় শুক্রবার রাতে একটি যাত্রীবাহী নসিমনে ডাকাতি হয়েছে।
ডাকাতদের হামলায় ১২ জন যাত্রী আহত হয়েছে। তাদের স্থানীয় ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
যাত্রীরা মোহাম্মদ আব্দুল্লাহ (২৫) নামের এক ডাকাতকে ধরে পুলিশে সোপর্দ করেছে। আব্দুল্লাহ শিবগঞ্জ উপজেলার লাওঘাটা গ্রামের আজাহার আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান জানান, রাত ১১টার দিকে শিবগঞ্জের ইসরাইল মোড় থেকে নসিমনযোগে ২০জন যাত্রী ধাইনগর যাচ্ছিল। উপজেলার হরিপুর এলাকায় এলে ৮/১০ জন ডাকাত গাড়ির গতিরোধ করে যাত্রীদের টাকাসহ মূল্যবান মালামাল কেড়ে নেয়। এ সময় যাত্রীরা ডাকাত আব্দুল্লাহকে আটক করে। তবে দলের অন্যরা পালিয়ে যায়।
শনিবার সকালে নসিমন যাত্রী আবু বাক্কার বাদী হয়ে আব্দুল্লাহসহ অজ্ঞাতনামা আরও ৮ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৫ ঘ.
bdnews24