সাতক্ষীরা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - "আমার স্বামীর চিংড়ি ঘেরে ও বাড়িতে তল্লাশি চালিয়ে কোন কিছুই পাওয়া যায়নি। তা সত্বেও খুলনায় নিয়ে একদিন পর তাকে তিনটি অস্ত্র ও গুলিসহ সাতক্ষীরা থানায় সোপর্দ করেছে র্যাব। একটি মহল র্যাব দিয়ে আমার স্বামীকে গ্রেপ্তার করিয়েছে।"
শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন সদর উপজেলার মাহমুদপুর গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে খোকনের স্ত্রী নার্গিস খাতুন।
খোকনের মুক্তি দাবি করে তিনি বলেন, তার স্বামী নির্দোষ। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন নার্গিস।
গত সোমবার ভোররাতে র্যাব-৬ (খুলনা) এর একটি দল সদর উপজেলার মাহমুদপুর গ্রামের বাদামতলা এলাকার একটি ঘেরে অভিযান চালিয়ে সাহেব আলীর ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে খোকনকে আটক করে। তার বিরুদ্ধে অভিযোগ, তার চিংড়ি ঘেরে তল্লাশি চালিয়ে দুটি রিভলবার, একটি পিস্তল এবং ১৪ রাউন্ড গুলি পাওয়া গেছে। পরে র্যাব সদস্যরা তাকে অস্ত্র ও গুলিসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।
সংবাদ সম্মেলনে নার্গিস দাবি করেন, রোববার রাত (১৯ জুলাই) ১০টায় মাহমুদপুর গ্রামের পার্শ্ববর্তী বাদামতলা বাজার থেকে সাদা পোশাকে র্যাব সদস্যরা তার স্বামী খোকন এবং একই গ্রামের রবিউল ইসলামকে ধরে নিয়ে যায়। তাদেরকে নিয়ে গাংনিয়া বিলে খোকনের ঘেরে তল্লাশি চালালেও র্যাব কোনো অস্ত্র পায়নি। পরে তাদের বাড়িতে তল্লাশি চালায় র্যাব। এখানে কিছু না পেয়ে রবিউলকে ছেড়ে দিয়ে র্যাব সদস্যরা খোকনকে খুলনায় নিয়ে যায়।
তিনি বলেন, পরদিন সাতক্ষীরা সদর থানায় গিয়ে তিনি জানতে পারেন তিনটি অস্ত্র ও ১৪টি গুলি উদ্ধারের অভিযোগে র্যাব খোকনের বিরুদ্ধে মামলা করেছে এবং তাকে থানায় সোপর্দ করেছে।
নার্গিস আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফের প্রতি ইঙ্গিত করে বলেন, একটি মহল র্যাব দিয়ে খোকনকে গ্রেপ্তার করিয়ে অস্ত্র মামলা দিয়েছে।
তিনি অভিযোগ করেন, গত ১৩ এপ্রিল চেয়ারম্যানের লোকজন বাদামতলা বাজারে তার স্বামীকে মারধর করে। এ ঘটনায় তার স্বামী চেয়ারম্যানের সমর্থক ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ কারণে তার স্বামীকে হয়রানি করতে এ ঘটনা ঘটানো হয়েছে।
সংবাদ সম্মেলনে নার্গিসের সঙ্গে ছিলেন তার দুবছরের মেয়ে আরিফা এবং প্রতিবেশি আমিনুল ইসলাম।
চেয়ারম্যান আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খোকনের স্ত্রী আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেটা ঠিক নয়। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে আমি বিস্তারিত জানাব।"
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, মোস্তাফিজুর রহমান খোকনের বিরুদ্ধে মারামারির আরেকটি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৭ ঘ.
bdnews24