ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর এবারই প্রথম জিপিএ- ৫ প্রাপ্তদের সংখ্যা কমেছে।
শনিবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেখা গেছে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে প্রায় দুই হাজারের মতো কমেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৪ সালে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৪৭, ২০০৫ সালে ৫ হাজার ৫৩৪ জন, ২০০৬ সালে ৯ হাজার ৮৬৪ জন, ২০০৭ সালে ১১ হাজার ১৪০ জন। গতবছর জিপিএ-৫ প্রাপ্তদের এ সংখ্যা দাঁড়ায় ২২ হাজার ৪৫- এ। অর্থাৎ এ সংখ্যা ক্রমেই বেড়েছে।
পক্ষান্তরে এবার ১০ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ১৩৬ জন শিক্ষার্থী। অর্থাৎ গতবারের চেয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৯০৯ জন।
এদিকে, গতবারের মতো এবারও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে নটরডেম কলেজ এগিয়ে। এ কলেজের ১ হাজার ২০৭ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গতবার এ সংখ্যা ছিল ১ হাজার ১৮৯ জন।
চলতি বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৭০ দশমিক ৪৩ শতাংশ যা গতবছর ছিল ৭৪ দশমিক ৮৫ শতাংশ। এ হিসেবে উত্তীর্ণের হার কমেছে ৪ দশমিক ৪২ শতাংশ।
এছাড়া ১০ বোর্ডে উত্তীর্ণের হার ৭৬ দশমিক ১৯ শতাংশ থেকে কমে ৭২ দশমিক ৭৮ শতাংশ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এএল/এসকে/২১২৪ঘ.
bdnews24