রাজশাহী, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে উত্তীর্ণের হার ৭০ দশমিক ৪৭ শতাংশ। আগের বছরের চেয়ে কমেছে এক দশমিক ০৪ শতাংশ।
এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ২২৯ জন শিক্ষার্থী। গত বছর পেয়েছিল তিন হাজার ৩৯৯ জন।
শনিবার দুপুরে ফল প্রকাশ উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডের সভা কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এ সময় শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তানবিরুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মোয়াজ্জেম হোসেন, কলেজ পরিদর্শক আব্দুর রউফ মিয়া, স্কুল পরিদর্শক সুনীল চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
আটটি জেলা নিয়ে নতুন প্রতিষ্ঠিত দিনাজপুর শিক্ষা বোর্ডকে বিবেচনায় নিলে রাজশাহী বোর্ডের উত্তীর্ণের হার ঠিক আছে বলে দাবি করেন কর্মকর্তারা।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, গত বছর উত্তীর্ণের হার ছিল ৭১ দশমিক ৮৭ শতাংশ।
এ বছর পরীক্ষার্থী ছিল ৭৫ হাজার ৬১২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছিল ৭৪ হাজার ২৭৪ জন। উত্তীর্ণ হয়েছে ৫২ হাজার ৩৩৯ জন। ছাত্রদের উত্তীর্ণের হার ৬৯ দশমিক ৮৩ এবং ছাত্রীদের ৭১ দশমিক ২৫ শতাংশ। গত বছর ছাত্রদের উত্তীর্ণের হার ছিল ৭১ দশমিক ৫৮ এবং ছাত্রীদের ৭২ দশমিক ২০ শতাংশ।
ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩১৪ জন। অপরদিকে ৯১৫ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৩৭৮। এর মধ্যে ছাত্র ১৯ হাজার ৪৪৬ এবং ছাত্রী ২৩ হাজার ৯৩২। উত্তীর্ণেল হার ৬৮ দশমিক ৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫৬ জন।
বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে ১৬ হাজার ৭২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৮৮৭ এবং ছাত্রী ৫ হাজার ৮৩৬ জন। উত্তীর্ণের হার ৬৫ দশমিক ৫৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৬০৪ জন।
ব্যবসায় শিক্ষা বিভাগে ১৫ হাজার ৫১১ জন পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ছাত্র ১১ হাজার ৫৬৩ এবং ছাত্রী ৩ হাজার ৯৪৮ জন। উত্তীর্ণের হার ৭৯ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৬৯ জন।
জিপিএ-৫ এর ভিত্তিতে সেরা ১০
জিপিএ-৫ এর ভিত্তিতে শীর্ষ স্থানে রয়েছে রাজশাহী মহানগরীর নিউ গভ. ডিগ্রি কলেজ। কলেজের এক হাজার ৩১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৪১ জন। এরপরেই আছে বগুড়া সরকারি আযিযুল হক কলেজ (২৮৯), বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (১৭৫), রাজশাহী সরকারি সিটি কলেজ (১৪০), পাবনার শহীদ বুলবুল সরকারি কলেজ (৯৯), নওগাঁ সরকারি কলেজ (৬৪), সিরাজগঞ্জ উল্লাপাড়া বিজ্ঞান কলেজ (৫৮), সিরাজগঞ্জ সরকারি (৪৭), নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজ (৪৬) ও চাপইনবাবগঞ্জ সরকারি কলেজ (৪৫)।
তবে যেসব কলেজে পরীক্ষার্থী সংখ্যা ৪০ জনের কম সে প্রতিষ্ঠানগুলোকে সেরা দশের তালিকায় আনা হয়নি বলে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মোয়াজ্জেম হোসেন জানান।
উত্তীর্ণের হারে সেরা ১০
উত্তীর্ণের হারের দিক থেকে সেরা হয়েছে পাবনা ক্যাডেট কলেজ। এ কলেজের ৪৮ শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। তারপরেই আছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (৪৪৮ জনের মধ্যে ৪৪৬), বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এ্যাড কলেজ (২৫৪ জনের মধ্যে ২৫০), নাটোর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট কলেজ (২৬৮ জনের মধ্যে ২৬৩), সিরাজগঞ্জ উল্লাপাড়া বিজ্ঞান কলেজ (৪৩৩ জনের মধ্যে ৪২৪), পাবনা আল হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ (১৪৩ জনের মধ্যে ১৪০), বগুড়ার শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবলেটরি স্কুল অ্যান্ড কলেজ (১৩৪ জনের মধ্যে ১২৮), রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজ (১,৩১২ জনের মধ্যে ১,২৩৯), পাবনা ডেংগারগ্রাম কলেজ (৮৭ জনের মধ্যে ৮২) এবং রাজশাহী সরকারি সিটি কলেজ (১,৩২৮ জনের মধ্যে ১,২৪৭)
চারটি কলেজ থেকে কেউ উত্তীর্ণ হয়নি
রাজশাহীর ডিঙ্গার হাট মহিলা কলেজ থেকে তিন জন, পাবনার ডিবি ইউনিয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন, রাজশাহীর মোহাম্মদপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেক থেকে একজন এবং পাবনার মীর রওশন আলী কলেজ থেকে একজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৯ ঘ.
bdnews24