ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিল করে খসড়া গঠনতন্ত্র অনুমোদনের পর শনিবার তা নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে আওয়ামী লীগ। একই দিন জাতীয় পার্টিও গঠনতন্ত্র জমা দেয়।
আওয়ামী লীগের বিদায়ী কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুপুরের পর ইসি সচিবালয়ে গিয়ে চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেয়।
এর আগে সকালে এইচ এম এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টির সাবেক যুগ্ম মহাসচিব হাজি আবু বকরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসি সচিবালয়ে গিয়ে তাদের গঠনতন্ত্র জমা দেয়।
গঠনতন্ত্রের সঙ্গে নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠিও ইসিকে হস্তান্তর করে আওয়ামী লীগের প্রতিনিধি দল।
চিঠিতে বলা হয়, "গণপ্রতিধিত্ব আদেশ অনুযায়ী আওয়ামী লীগের গঠনতন্ত্রে সুনির্দিষ্ট সংশোধনী ও সংযোজনী কাউন্সিলে গৃহিত হয়েছে। ২৫ জুলাইয়ের মধ্যে তা জমা দেওয়ার মধ্য দিয়ে আইনগত বাধ্যবাধকতা পূরণ হলো।"
মান্নান খান সাংবাদিকদের বলেন, "আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা ছুটির দিন হলেও নির্দিষ্ট সময়ে গঠনতন্ত্র জমা দিলাম। যারা জমা দিতে পারেনি, তাদের বিষয়ে কমিশনের সিদ্ধান্ত মানতে আমাদের আপত্তি নেই। তবে সব দল যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়।"
তিনি জানান, আওয়ামী লীগের গঠনতন্ত্রে ৬টি ধারায় পরিবর্তন আনা হয়েছে। আগামী ২০২০ সালের মধ্যে কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদসহ সব স্তরে ৩৩ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষণ এর একটি।
সংশোধিত গঠনতন্ত্রে আটটি সংগঠনকে সহযোগী সংগঠনের মর্যাদা দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে জাতীয় শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেই।
মান্নান খান বলেন, "এ দুটি তাদের গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে।"
নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তৃণমূলের মত নিয়ে দলের সংসদীয় বোর্ড কর্তৃক প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়টি গঠনতন্ত্র সংযোজন করা হয়েছে বলে তিনি জানান।
প্রবাসীদের বিষয়ে মান্নান খান বলেন, "প্রবাসী সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী সংগঠন করতে পারবে।"
আওয়ামী লীগের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন বিএম মোজাম্মেল হক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
শুক্রবার জাতীয় কাউন্সিলে ক্ষমতাসীন আওয়ামী লীগের গঠনতন্ত্রও অনুমোদিত হয়। একইদিন বিশেষ কাউন্সিলে জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুমোদিত হয়।
নির্ধারিত সময়সীমা ২৫ জুলাইয়ের মধ্যে দলীয় গঠনতন্ত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা মেনে চলতে অনেকটা তড়িঘড়ি করেই ক্ষমতাসীন মহাজোটের দুই শরিক আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কাউন্সিল করে।
ইসি কর্মকর্তারা শনিবার জানান, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ মোট ২০টি দল চূড়ান্ত গঠনতন্ত্র জমা দিয়েছে।
বিএনপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে চূড়ান্ত গঠনতন্ত্র জমা দেওয়ার সময়সীমা আগামী জানুয়ারি পর্যন্ত বাড়াতে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য ইসি ইতোমধ্যে সরকারের কাছে সুপারিশ করেছে। তবে এখন পর্যন্ত সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি।
বিএনপি নেতা মওদুদ আহমেদ জানিয়েছেন, তারা ডিসেম্বরে দলীয় কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছেন।
নিবন্ধনের শর্ত পূরণে সব রাজনৈতিক দলকেই গঠনতন্ত্র ও ঘোষণাপত্রে কিছু পরিবর্তন আনতে হয়েছে। বর্তমান ইসি সর্বপ্রথম রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় এনেছে।
বর্তমান আইন অনুযায়ী, ইসিতে নিবন্ধিত দল ছাড়া কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না।
তত্ত্বাবধায়ক সরকারের সময় ৩৯টি রাজনৈতিক দলকে নিবন্ধন দেয় ইসি। ওই সময় দলগুলোর কাছ থেকে খসড়া একটি গঠনতন্ত্র জমা নেওয়া হয়। তখন শর্ত থাকে, ছয় মাসের মধ্যে কাউন্সিলে অনুমোদনের পর চূড়ান্ত গঠনতন্ত্র জমা দিতে হবে। যা গণপ্রতিনিধিত্ব আদেশেও যুক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৬০৬ ঘ.
bdnews24